বরিশালে নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি: অভিযোগ বাসদ প্রার্থীর
বরিশালে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি বলে অভিযোগ করেছেন সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) মেয়র প্রার্থী মনীষা চক্রবর্তী।
শনিবার নগরীর ফকিরবাড়ি রোডে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
মনীষা চক্রবর্তী বলেন, সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের জন্য দরকার একটি সুষ্ঠু সমান সুযোগের পরিবেশ। কিন্তু নির্বাচন কমিশন সে পরিবেশ এখনও পরিপূর্ণভাবে তৈরি হয় করতে পারেনি।
“তাছাড়া বিভিন্ন এলাকায় মই মার্কার কর্মীদের ভয়-ভীতি দেখানো হচ্ছে। অনেককে মারধরও করা হয়েছে।”
এ ব্যাপারে কমিশনে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে বরিশাল জেলা বাসদের আহ্বায়ক ইমরান হাবিবসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
