যশোরে যুবকের রগকাটা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
যশোর সদরে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে, যাকে মাদক ব্যবসায়ী বলছে পুলিশ।
শুক্রবার দুপুরে শহরতলীর মুড়লি এলাকায় একটি মেহগনি বাগানে তার লাশ পাওয়া যায়।
নিহত সোহেল রানা (৩২) একজন ট্রাকচালক বলে জানিয়েছেন তার মামা গোলাম মোস্তফা।
গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাত ৮টা থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি।
“শুক্রবার দুপুরে মুড়লির নজরুল ইসলামের একটি মেহগনি বাগানে তার মরদেহ পড়ে আছে বলে জানতে পারেন তারা।”
কোতোয়ালি থানার এসআই শাহাবুল আলম জানান, স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ ঘটনাস্থল থেকে সোহেল রানার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে।
“তার বুক ও পেটে ধারালেঅ অস্ত্রের অনেকগুলো ক্ষত রয়েছে। তাছাড়া দু'পায়ের রগও কাটা ছিল।”
মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হাসান তুহিন বলেন, “কী কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না।”
কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন, “নিহত সোহেল রানা একজন মাদক ব্যবসায়ী। পুলিশের ধারণা, মাদকব্যবসা সংক্রান্ত দ্বন্দ্বে প্রতিপক্ষের হাতে তিনি খুন হয়ে থাকতে পারেন।”
এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা অনুসন্ধান এবং তাদের আটকে পুলিশ তৎপরতা শুরু করেছে বলে তিনি জানান।
সম্প্রতি মাদকবিরোধী অভিযান শুরুর পর দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বেশকিছু হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া কিছু মৃতু্য্যুর ঘটনা ঘটেছে যেগুলো কীভাবে হয়ছে তা নিশ্চিত নয়, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে।
