শাহজালালে ‘ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট’
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সংবাদ প্রতিনিধিদের অংশগ্রহণে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনের ‘ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট’ শুরু হয়েছে।
জনপ্রিয় লেখক অধ্যাপক মুহম্মহ জাফর ইকবাল শুক্রবার সকাল ১০টায় উৎসবমুখর পরিবেশে কবুতর উড়িয়ে এ উৎসব উদ্বোধন করেন। এরপর বের হয় আনন্দ শোভাযাত্রা।
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ উৎসবে ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের ২৬টি বিশ্ববিদ্যালয়ের প্রায় আড়াইশ ক্যাম্পাস প্রতিবেদক উৎসবে অংশ নিচ্ছেন।
বিভিন্ন সেশনে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বিশিষ্ট সাংবাদিকরা তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন।
শিক্ষাপ্রতিষ্ঠানে সাংবাদিকতায় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার পাশাপাশি বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার নানা দিক এসব সেশনে আলোচনা হবে বলে জানান উৎসবের আহ্বায়ক ফয়জুল্লাহ ওয়াসিফ।
উৎসব উপক্ষে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে ক্যাম্পাসে উপস্থিত হন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা অতিথিরা। শাহজালালের সাবেক সংবাদ প্রতিনিধিরা কেউ কেউ পরিবার-পরিজন নিয়ে উৎসবে অংশ নিয়েছেন; যারা এখন দেশ-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত।
নীল রঙের টি-শার্ট গায়ে তারা অংশ নেন আনন্দ শোভাযাত্রায়।
তিনি বলেন, ন্যায় ও অন্যয়ের মধ্যে নিরপেক্ষাতা বলে কিছু নেই। একজন সাংবাদিককে সব সময় সত্যের পক্ষে অবস্থান নিতে হবে।
“সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে পাওয়া খবর সব সময় বস্তুনিষ্ঠ নয়। কোন গণমাধ্যম খবরটি প্রকাশ করল সেটি হল বড় কথা। ফেইসবুকসহ অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কে ছড়ানো খবর অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি করে। সাংবাদিকদের সেদিকে সচেতন হতে হবে।”
আলোচনা সভার পর লার্নিং সেশনে অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে অভিজ্ঞতার কথা শোনান মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিবেদক বদরুদ্দুজা বাবু, যমুনা টেলিভিশনের মুহসিনুল হাকিম, চ্যানেল টোয়েন্টিফোরের বিজনেস এডিটর ফারুক মেহেদী।
উৎসবে অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী ইউনিস হৃদয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের সব বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের একসঙ্গে পাওয়া আনন্দের।“
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি বায়েজিদ ইমন বলেন, “সব বিশ্ববিদ্যালয় নিয়ে এত বড় আয়োজন বেশ কষ্টের। আমরা অনেক দূর-দূরান্ত থেকে এসে একসাথে হয়েছি। লার্নিং সেশনে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনে ভালো লাগছে।”
“মেয়েরা সাংবাদিকতার কর্মক্ষেত্র সম্পর্কে জানতে পারলে এ পেশায় তাদের আগ্রহ বাড়বে।”
স্ত্রী ও এক মেয়েসহ উৎসবে অংশ নেন শাহজালালের সাবেক প্রতিবেদক মুস্তফা মনওয়ার সুজন।
তিনি বলেন, “সকল ব্যস্ততাকে ছুটি দিয়ে পরিবার নিয়ে অংশগ্রহণ করেছি উৎসবে। সারাদেশের ক্যাম্পাস সাংবাদিকদের সাথে সময়টি ভালো কাটছে।”
আয়োজনের দ্বিতীয় দিন শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মনসুর বলেন, “সব বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা কখনও একসাথে কোনো আড্ডায় বা উৎসবে মিলিত হয়নি। সবাইকে একসাথে করার লক্ষ্যে আমরা এ আয়োজন হাতে নিয়েছি।
“আশা করি, এ অনুষ্ঠানের মাধ্যমে সব ক্যাম্পাস সাংবাদিকদের মধ্যে যোগাযোগ ও সম্প্রীতি বাড়বে। ক্যাম্পাস সাংবাদিকতার নানা সংকট ও সম্ভাবনা উঠে আসবে।”
