২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোঁক আতঙ্কে গাজীপুরের গোসিঙ্গা ইউনিয়ন

গাজীপুরের গোসিঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে জোঁকের আতঙ্কে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

আবুল হোসনে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2018, 12:04 PM

Updated : 08 Apr 2022, 06:46 PM

জোঁকের আক্রমণে ক্ষেতে ঠিকমত কাজ করা যাচ্ছে না; শিশুরা ঘর থেকে নামতে পারছে না; গবাদিপশুর স্বাস্থ্যহানি হচ্ছে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান সরকার বলেন, “পুরো ইউনিয়নে জোঁকের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ছয় মাস ধরে এ সমস্যা প্রকট হয়েছে। জোঁকের ভয়ে অনেকেই মাঠে কাজ করতে পারছে না। গৃহপালিত প্রাণীর উপর আক্রমণ আমাদের ভাবিয়ে তুলেছে।”

শুধু মাঠে নয়, রাস্তায় হাঁটার সময় জোঁক লাগে বলে জানালেন কর্ণপুর গ্রামের পল্লী পশুচিকিৎসক আব্দুস সাত্তার।

তিনি বলেন, “জোঁকের আক্রমণে গবাদিপশুর পায়ে ক্ষত হয়।”

জোঁকের আতঙ্কে শিশুরা ভয়ে তটস্থ থাকে বলে জানান একই এলাকার গৃহবধূ সোনিয়া আকতার।

তিনি বলেন, “জোঁকের ভয়ে তাদের মাঠে গিয়ে খেলাধুলা বন্ধ রয়েছে। মাঠে গেলেই জোঁক লাগে। অনেক অভিভাবক শিশুদের ঘরের বাইরে বের হতে দিচ্ছে না।”

জোঁকের সঙ্গে যুদ্ধ করছেন বলে জানান পটকা গ্রামের কৃষক কামাল হোসেন।

তিনি বলেন, “জোঁকের কারণে এখন মাঠে কাজ করা যায় না। যেখানে ঘাস আছে সেখান থেকেই জোঁকের আক্রমন হয়। অনেকটা জোঁকের সঙ্গে আমরা এখন যুদ্ধ করছি। আর গৃহপালিত প্রাণীর ওপর এর আক্রমণ ঠেকানো যাচ্ছে না।”

আগে কোনো দিন এমন সমস্যা দেখেননি বলে জানান বাউনি গ্রামের কৃষক আবুল সাঈদ।

তিনি বলেন, “আগে এ গ্রামে কখনও এ সমস্যা ছিল না। সাধারণত জলাবদ্ধ এলাকায় জোঁক দেখা দিলেও এবারই প্রথম সব জায়গায় জোঁকের সংখ্যা বেড়ে গেছে।

“মানুষ সতর্ক থাকলেও গৃহপালিত পশুকে জোঁকের আক্রমণ থেকে ঠেকানো যাচ্ছে না।”

এই সমস্যা সমাধানের কোনো উপায় পাচ্ছে না এলাকাবাসী।

তবে চেয়ারম্যান শাহজাহান পরিবেশ পরিষ্কর-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন।

তিনি অভিযোগ করেন, “এখন পর্যন্ত এ বিষয়ে সরকাবিভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”

এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হক বলেন, “জোঁক এক ধরনের রক্তচোষা প্রাণী। এরা মানুষসহ বিভিন্ন প্রাণীর দেহ থেকে রক্ত গ্রহণ করে। মাঝেমধ্যে সতর্কতার অভাবে মানুষের শরীরের ভেতরে প্রবেশ করে রক্তক্ষরণ ঘটায়। এ বিষয়ে সচেতন থাকতে হবে।”