২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির দ্বিতীয় উপ-উপাচার্য অধ্যাপক জাকারিয়া

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বিতীয় উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2018, 08:56 PM

Updated : 08 Apr 2022, 06:46 PM

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উপ-সচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রসায়ন বিভাগের এ অধ্যাপককে নিয়োগের এ তথ্য জানানো হয়।

এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়টি দুইজন উপ-উপাচার্য পেল। এছাড়া অধ্যাপক আনন্দ কুমার সাহা ২০১৭ সালের ১৬ জুলাই নিয়োগ পেয়ে উপ-উপাচার্যের দায়িত্ব পালন করে আসছেন।

অধ্যাপক জাকারিয়া ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালন করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অধ্যাপক জাকারিয়াকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দিয়েছেন। উপ-উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ চার বছর হবে।

“তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। ”

তবে চ্যান্সেলর প্রয়োজন মনে করলে এর আগেও এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনের উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রভাষ কুমার কর্মকার বলেন, “আমি প্রজ্ঞাপনের কপি হাতে পেয়েছি। তিনি এখনো যোগ দেননি। তবে আশা করছি, শিগগিরই তিনি তার দায়িত্ব বুঝে নেবেন।”