মাদকবিরোধী অভিযানে গুলিতে নিহত ২
সারা দেশে চলমান মাদকবিরোধী অভিযানের মধ্যে খুলনা ও রাজশাহীতে র্যাবের গুলিতে দুই আসামি নিহত হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে খুলনার দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা এলাকা এবং রাজশাহীর দামকুড়া থানার কসবা এলাকায় গোলাগুলির এসব ঘটনা ঘটে বলে র্যাব কর্মকর্তাদের ভাষ্য।
তারা বলছেন, নিহত দুজনই স্থানীয়ভাবে মাদক চোরাকারবারি হিসেবে কুখ্যাত। দুই জায়গা থেকেই অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশে মে মাসে মাদকবিরোধী অভিযান শুরুর পর প্রায় প্রতি রাতেই কথিত বন্দুকযুদ্ধে ‘মাদক বিক্রেতাদের’ নিহত হওয়ার খবর দিয়ে আসছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ধরনের ঘটনায় গত আড়াই মাসে দুই শতাধিক মানুষের মৃত্য হয়েছে।
আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
খুলনা
খুলনায় র্যাবর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হত্যা ও মাদক চোরাচালানের সাত মামলার এক আসামি নিহত হয়েছে।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এএসপি বজলুর রশিদ বলছেন, মঙ্গলবার গভীর রাতে নগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে।
নিহত ইমরান ওরফে রকি (৩৮) নগরীর দৌলতপুর থানার দেয়ানা এলাকার শেখ মিজানুর রহমান ওরফে হাতকাটা মিজার ছেলে।
পুলিশের তৈরি করা ‘শীর্ষ মাদক ব্যবসায়ীর’ তালিকায় রকির বাবার নামও রয়েছে বলে এএসপি বজলুর রশিদ জানান।
তিনি বলেন, মঙ্গলবার রাত দেড়টার দিকে মহেশ্বরপাশা এলাকায় একটি মোটরসাইকেলে তিন যুবকেকে দ্রুত যেতে দেখে সন্দেহ হওয়ায় র্যাবের টহল দল তাদের থামার সংকেত দেয়।
“কিন্তু তারা না থেমে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাব পিছু নিলে ওই মোটরসাইকেল থেকে তারা গুলি করে। র্যাব সদস্যরাও তখন পাল্টা গুলি চালায়। একপর্যায়ে রকি গুলিবিদ্ধ হলে তাকে ফেলে বাকি দুজন পালিয়ে যায়।”
রকিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে এএসপি বজলুর রশিদ জানান।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি রিভলবার, তিন রাউন্ড গুলি ও ৩০৮টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
রাজশাহী
রাজশাহীর পবায় র্যাবর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক মাদক চোরাকারবারি নিহত হয়েছে।
রাজশাহীর র্যাব-৫ এর উপ অধিনায়ক মেজর আশরাফুল ইসলাম বলছেন, মঙ্গলবার রাত আড়াইটায়র দিকে পবার দামকুড়া কসবা এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ হোসেন (৩৫) হরিপুর বনপাড়া গ্রামের সইম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদক চোরাচালান ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে বলে র্যাব কর্মকর্তাদের ভাষ্য।
মেজর আশরাফুল বলেন, দামকুড়া এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযানে যায়।
“র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি করে। র্যাবও তখন আত্মরক্ষার জন্য পাল্টা গুলি করে। গোলাগুলি থামার পর সেখানে সাজ্জাদকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার বাকি সঙ্গীরা পালিয়ে যায়।”
গুলিবিদ্ধ সাজ্জাদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিসৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান র্যাব কর্মকর্তা আশরাফুল।
অভিযানে ঘটনাস্থল থেকে বেশ কিছু মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও তথ্য দিয়েছেন এই র্যাব কর্মকর্তা।
