বুলবুলের নির্বাচনী ইশতেহার ঘোষণা
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ইশতেহার ঘোষণা করেছেন।
মঙ্গলবার সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
নাগরিকদের মৌলিক অধিকার চিকিৎসা, বাসস্থান ও শিক্ষাকে গুরুত্ব দিয়ে ১৮ দফা প্রতিশ্রুতি দেন ইশতেহারে। ১৮ নম্বর প্রতিশ্রুতিতে জনগণের ভোটের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত রাখার কথা বলা হয়েছে।
নগরবাসীর সেবা করার সুযোগ চেয়ে বুলবুল বলেন, “জনগণের ভোটের অধিকার আদায়, ন্যায় বিচার প্রতিষ্ঠা, জেল জুলুম সন্ত্রাসের প্রতিবাদ, গণতন্ত্র রক্ষা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য চলমান আন্দোলনের অংশ হিসেবে এ নির্বাচনে অংশ নিয়েছি।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে প্রতিকূল দাবি করে তিনি নগরবাসীর বিভিন্ন সমস্যার উন্নয়ন ও প্রত্যাশা পূরণের অঙ্গীকার করেন।
রাজশহীতে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেপ্তার করা হচ্ছে দাবি করে বুলবুল বলেন, “এ নিয়ে নির্বাচন অফিসের অভিযোগ দিয়েও লাভ হচ্ছে না। গণগ্রেপ্তার বন্ধ না করা হলে নির্বাচন আফিস অচল করে দেওয়া হবে।”
রাজশাহী মহানগরবাসীর করের বোঝা লাঘব ও সহজসাধ্য করার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করে সরলীকরণ প্রক্রিয়ায় নূন্যতম কর নির্দ্ধারণ করা; রাজশাহীতে বন্ধ হওয়া গ্যাস সংযোগ পুনরায় চালু করার জন্য জনগণকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
নাগরিকদের চিকিৎসা, বাসস্থান, শিক্ষা বিষয়ে ইতোপূর্বে গৃহীত প্রকল্পের ধারাবাহিকতা বজায় রেখে যথাযথ উন্নয়ন করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
শিক্ষার্থীরা যাতে শুধু সনদধারী না হয়ে প্রকৃত অর্থে জ্ঞানী, দক্ষ ও মানবিক গুণের অধিকারী হয়ে দেশপ্রেমিক তথা সুনাগরিক হয়ে দেশের মুখ উজ্জ্বল করে সেই লক্ষ্যে প্রয়োজনীয় মোটিভেশন প্রোগ্রাম চালু করতে চান বুলবুল।
এছাড়াও রাস্তা তৈরি, ড্রেনেজ ব্যবস্থা, পয়ঃনিস্কাশন ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, খেলার মাঠ তৈরি, মাদক নিরাময় কেন্দ্র তৈরি, কর্মসংস্থানের জন্য কলখারখানা গড়ে তোলা ও মেগা সিটি গড়ে তোলার জন্য সিটি করপোরেশনের আয়তন বাড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, হাবিবুর রহমান হাবিব, হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি তোফাজ্জাল হোসেন তপু, নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন প্রমুখ।
