২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরখাস্ত পুলিশের বাসায় ‘মাদক বিক্রির টাকা ও ইয়াবা’

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বরখাস্ত এক এসএসআইয়ের বাসা থেকে ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা উদ্ধারের কথা জানিয়েছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2018, 09:10 PM

Updated : 19 Aug 2022, 02:22 PM

সোমবার রাতে দুটি স্থানে এ অভিযান চালানো হয় বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের আদমজীর র‌্যাব-১১ কার্যালয়ের সিনিয়র সহকারী পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরীর স্বাক্ষরে পাঠানো এই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কদমতলীর ফ্রেন্ডস টাওয়ার ও নগরীর খানপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বরখাস্ত হওয়া সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সালাউদ্দিনের দুটি ভাড়া বাসা থেকে ইয়াবা ও মাদক বিক্রির টাকা উদ্ধার করেছে র‌্যাব-১১।

“অভিযানকালে পাঁচ হাজার ৬২০টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নয় লাখ ৪০০ টাকা উদ্ধার করা হয়।”

র‌্যাবের অভিযান টের পেয়ে সালাউদ্দিন পালিয়ে গেছেন। তবে কদমতলীর ভাড়া বাসা থেকে তার সহযোগী সুমনকে (২৫) গ্রেপ্তার করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞপিতে র‌্যাব জানায়, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সালাউদ্দিন ও তার ড্রাইভার জাসিম পালিয়ে যায়। এ সময় তার সহযোগী সুমন গ্রেপ্তার হয়। গ্রেপ্তার সুমনের স্বীকারোক্তির ভিত্তিতে সালাউদ্দিনের বাসায় তল্লাশি চালিয়ে ৫ হাজার ২০০ ইয়াবা ও মাদক বিক্রির ৮ লাখ ৫০ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

“এর দুই ঘন্টা পর নারায়ণগঞ্জ সদরের খানপুর এলাকায় সালাউদ্দিনের অপর ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৪০০ ইয়াবা ও ইয়াবা বিক্রির ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।”

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ ও সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।