২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির এবারের ভর্তি পরীক্ষা লিখিত পদ্ধতিতে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শফিকুল ইসলাম,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2018, 10:08 PM

Updated : 19 Aug 2022, 02:21 PM

রোববার বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপ-কমিটির দ্বিতীয় সভায় ভর্তি পরীক্ষার তারিখ, আবেদন যোগ্যতা, ইউনিট পুনর্বিন্যাসসহ বেশকিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

বিকালে উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা এতথ্য জানান।

তিনি বলেন, “ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত হবে। তবে সেই সভায় এসব সিদ্ধান্তের কিছু পরিবর্তনও আসতে পারে।”

এর আগে ৫ জুলাই অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির প্রথম সভায় বহু নির্বাচনীর (এমসিকিউ) পরিবর্তে ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে ১৬ হাজার শিক্ষার্থীর ১০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এসব সিদ্ধান্ত দ্বিতীয় সভায় বহাল রাখা হয়েছে বলে তিনি জানান।

প্রথম সভায় চারটি ইউনিটে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও দ্বিতীয় সভায় তা বাড়িয়ে পাঁচটি ইউনিট করা হয়েছে জানিয়ে অধ্যাপক আনন্দ কুমার বলেন, “ভর্তি উপ-কমিটির দ্বিতীয় সভায় দুই দিনে পাঁচটি ইউনিটে বিভক্ত করে আবেদনকারীদের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’, ও ‘ই’ ইউনিটে ১০০ নম্বরের এবং দেড় ঘণ্টার এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।”

পরীক্ষায় বসার জন্য নির্বাচিত ভর্তিচ্ছুদের প্রবেশপত্র নেওয়ার সময় প্রতি ইউনিটে ৩০০ টাকা মূল ফি, সেই ইউনিটের সকল বিভাগ প্রতি ৬০ টাকা এবং ১০ শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে বলেও তিনি জানান।

রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বহাল থাকছে জানিয়ে উপ-উপাচার্য বলেন, ২০১৬-১৭ এবং ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবেন। ভর্তিচ্ছুদের ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে ৫৫ টাকা জমা দিয়ে প্রাথমিকভাবে আবেদন করতে হবে। ফলাফলের ভিত্তিতে আবেদনকারীদের বাছাই করে প্রতি ইউনিটে ১৬ হাজার পরীক্ষার্থীকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে।

উপ-উপাচার্য জানান, ২২ ও ২৩ অক্টোবর পরীক্ষা নিয়ে ১৫ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ করা হবে। এরপর ২৫ নভেম্বর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ক্লাস শুরু হবে ২১ জানুয়ারি।

আবেদন যোগ্যতার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার আসলাম হোসেন জানান, ভর্তি পরীক্ষায় প্রাথমিকভাবে আবেদনের জন্য মানবিক শাখা থেকে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। বাণিজ্য শাখা থেকে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০সহ মোট জিপিএ ৮.০০ এবং বিজ্ঞান শাখা থেকে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০সহ মোট জিপিএ ৮.৫০ পেতে হবে। ‘ও’ লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেলে অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে চারটি বিষয়ে কমপক্ষে ‘বি’ গ্রেড ও তিনটি বিষয়ে ‘সি’ গ্রেড থাকতে হবে। উভয় লেভেলের ভর্তিচ্ছুদের পরীক্ষায় প্রশ্ন প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনুবাদ করা হবে।  

ইউনিটভুক্ত অনুষদগুলো হলো: ‘এ’- কলা ও চারুকলা অনুষদ।

‘বি’- বিজনেস স্টাডিজ অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)। ‘সি’- বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ। ‘ডি’- জীব, ভূ-বিজ্ঞান ও কৃষি অনুষদ। ‘ই’- সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট।