জয়পুরহাটে অপহরণের অভিযোগে আটক ৩
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক কলেজছাত্রকে অপহরণের অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার রাধাবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পরে অপহরণ মামলা করে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটাকরা হলেন পাঁচবিবির বটতলী বাজারের কচুলতীহাটির সনজিত কুমারের ছেলে বিশাল কুমার (২৪), রংপুর কোতোয়ালি থানার সদর হাসপাতাল এলাকার স্বাধীন চন্দ্রের ছেলে সুভাষ চন্দ্র (২২) ও সুধীর বাসফোরের ছেলে রানা বাসফোর (২৪)।
পাঁচবিবি থানার ওসি ফরিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার আটুল গ্রামের আমিনুল ইসলামের ছেলে আহসান হাবিব মহীপুর হাজী মহসীন সরকারি কলেজের ১ম বর্ষের ছাত্র।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার সময় আহসান ইংরেজি প্রাইভেট পড়তে পাঁচবিবি পৌর শহরের বড়মানিক এলকায় যাচ্ছিলেন বলে জানান ওসি।
“মাতাইশ মঞ্জিল এলাকার খেলাঘর ক্লাবের কাছে পৌঁছলে কিন অপহরণকারী তাকে রাধাবাড়ি এলাকায় একটি কলা বাগানে আটকে রেখে দশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।”
ওসি বলেন, অপহরনকারীদের চাপে আহসান নিজ মোবাইল দিয়ে তার বাবাকে ১০ হাজার টাকা দিতে বলেন এবং টাকা না দিলে অপহরনকারীরা তাকে তারা হত্যা করবে বলে জানান।
“ঘটনাটি পাঁচবিবি থানায় জানালে বিকাশে টাকা পাঠানোর কৌশল ব্যাবহার করে তিন অপহরণকারীকে আটক করে পুলিশ।”
