পাস কমলেও জিপিএ-৫ বেড়েছে সিলেটে
সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসিতে এবার পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫; গত বছরের ফলাফলের বিপরীত চিত্র এটি।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় বোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এই বোর্ডের এইচএসসির ফল প্রকাশ করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ।
সিলেট বোর্ডে এবার পাসের হার ৬২ দশমিক শতাংশ। এবারের পরীক্ষায় মোট ৭১ হাজার ৪২ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৪৪ হাজার ১২৭ জন।
গতবছর এ বোর্ডে পাস করেছিল ৭২ শতাংশ শিক্ষার্থী; ২০১৬ সালে পাসের এই হার ছিল ৬৮ দশমিক ৫৯ শতাংশ ।
পাসের হার বাড়লেও ২০১৭ সালে সিলেট বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমে প্রায় অর্ধেক হয়ে যায়। ঠিক তার আগের বছর ১ হাজার ৩৩০ শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও ওই বছর পেয়েছিল ৭০০ জন।
এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৮৭৩ জন।
২০১৭ সালের ফলে সিলেট বোর্ডে পাসের হার বাড়লেও কমেছিল জিপিএ-৫। এবার ঠিক এর বিপরীত চিত্র; পাসের হার কমেছে, বেড়েছে জিপিএ-৫।
এদিকে ইংরেজী বিষয়ে বেশি শিক্ষার্থী ফেল করায় পাসের হার কমেছে বলে মনে করছেন বোর্ড কর্মকর্তারা।
ইংরেজী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পরিসংখ্যান ও অ্যাকাউন্টিং বিষয়ে বেশি শিক্ষার্থী ফেল করায় এবার পাসের হার কমেছে জানিয়েছে তারা।
পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ বলেন, “গত বছরের মত এবারও ইংরেজিতে বেশি শিক্ষার্থী ফেল করেছে। ইংরেজী বিভাগে এবার মাত্র ৭০ দশমিক ৯৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
“আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ফেল করেছে ১২ শতাংশ। এ দুটি বিষয় আবশ্যিক হওয়ায় সার্বিক ফলাফলে প্রভাব পড়েছে।”
এছাড়া পরিসংখ্যান বিষয়ে ১৫ শতাংশ ও অ্যাকাউন্টিং বিষয়ে ১৪ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে বলে জানান তিনি।
সিলেট বোর্ডের অধীনে চার জেলায় পাসের হার হলো সিলেটে ৬৬ দশমিক ৯১, হবিগঞ্জে ৫৭ দশমিক ৭৫, মৌলভীবাজারে ৫৫ দশমিক ২৫ ও সুনামগঞ্জে ৬৪ দশমিক ২০ শতাংশ।
ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা
গত বছরের মতো এবারো এইচএসসির ফলে এই বোর্ডে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।
৩২ হাজার ৫৬১ জন ছেলে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৯ হাজার ১৮৬ জন। অন্যদিকে ৩৮ হাজার ৪৬১ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৪ হাজার ৯৪১ জন।
ছেলেদের পাসের হার ৫৮ দশমিক ৯২ শতাংশ আর মেয়েরা পাস করেছে ৬৪ দশমিক ৮১ শতাংশ।
বিজ্ঞান বিভাগের ভাল ফল
সিলেট বোর্ডে এবারও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বেশি পাস করেছে।
এবার ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬৮ দশমিক ১০ শতাংশ, মানবিক বিভাগে ৫৫ দশমিক ১৯ শতাংশ শিক্ষার্থী পাস করলেও বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছে ৮৩ দশমিক ১৬ শতাংশ শিক্ষার্থী।
আর ৮৭৩ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে পেয়েছে ৭৯২ জন।
শতভাগ পাস ১০ কলেজে, দুই কলেজে পাশ করেনি কেউ
সিলেট শিক্ষা বোর্ডে এবারের পরীক্ষায় অংশ নেয়া ২৮২টি কলেজের মধ্যে ১০টি কলেজ শতভাগ পাসের গৌরব অর্জন করেছে।
আর কেউ উত্তীর্ণ হতে পারেননি এমন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে দুইটি। এগুলো হলো সুনামগঞ্জের ছাতকের উত্তর সুরমা আজমত আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং মৌলভীবাজারের কমলগঞ্জের খায়রুনন্নেছা খাতুন কলেজ।
কোন গ্রেডে কতজন উত্তীর্ণ
মোট উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এ গ্রেডে চার হাজার ৬৯২ জন, এ মাইনাস গ্রেডে সাত হাজার ৭৩১ জন, বি গ্রেডে ১২ হাজার ৩৩৯ জন, সি গ্রেডে ১৭ হাজার ৫৭ জন ও ডি গ্রেডে এক হাজার ৪৩৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
আরও খবর
