থেমে থাকা লেগুনায় অটোর ধাক্কা,নিহত ১
ফেনীর সোনাগাজী উপজেলায় থেমে থাকা একটি লেগুনাকে অটোরিকশার ধাক্কার পর এর এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
উপজেলার ফাইভ স্টার এলাকার সোনাগাজী-ফেনী সড়কে বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন জানান।
নিহত মো.শিপনের (২৮) বাড়ি সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের দক্ষিণ মঙ্গলকান্দি এলাকায়।
আহতরা হলেন- ওই উপজেলার মো.শিপন (২৮), মো. বেলাল হোসেন (৩৫), রামেশ চন্দ্র দাস (৪৫), মো. তোহা (২৬), মো.কাদের (৩৩)। তাদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ওসি মোয়াজ্জেম বলেন, লেগুনা ও অটোরিকশাটি সোনাগাজী থেকে যাত্রী নিয়ে ফেনী যাচ্ছিল। পথে ফাইভ স্টার এলাকায় পুরাতন সড়কের মাথায় গিয়ে লেগুনাটি হঠাৎ থেমে যায়।
এ সময় পেছনে থাকা একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তিনি বলেন, “তাদের মধ্যে শিপনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্র্শ দেন চিকিৎসকেরা। পরে চট্টগ্রাম নেওয়ার পথে শিপনের মৃত্যু হয়।”
লেগুনা ও অটোরিকশাটি আটক করা হয়েছে বলে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
