খালেদার চিকিৎসা নিয়ে বিএনপি ‘রাজনীতি’ করছে: কাদের
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার মুন্সীগঞ্জের গজারিয়ায় এক মতবিনিময় সভায় তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, যতটা তার শারীরিক অবস্থা নিয়ে ইস্যু খুঁজে বের করা গুরুত্ব পেয়েছে।
“বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সমস্যা নিয়ে বিএনপি নেতারা সর্বোচ্চ নোংরা রাজনীতি করছেন।”
রমজানের ঈদের পর সরকার বিরোধী সর্বাত্মক আন্দোলনের স্বপ্নও ভেস্তে গেছে এবং তারা এখন ছাত্র সমাজের উপর ভর করেছে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের।
“বিএনপির সরকার পতনের আন্দোলন সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনের পিঠে ভর করেছে। নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়ে এবার ছাত্র সমাজকে কাজে লাগিয়ে ক্ষমতায় যাবার দিবাস্বপ্ন দেখছে দলটি, যা কখনোই পূরণ হবে না।”
সোমবার ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তারদের মুক্তি দাবি করেছেন। বিএনপি কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষে রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
জামায়াতের নিবন্ধন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “জামায়াতের নিবন্ধনের বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। আমারা তো এর কোনো সমাধান করতে পারব না।”
আগামী নির্বাচনে সরকারের ভূমিকার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনে যেসব দলের রেজিস্ট্রেশন থাকবে তারা নির্বাচনে অংশ নিবে। যারা অন্যভাবে করবে সেটাও নির্বাচন কমিশন দেখবে। নির্বাচনের শিডিউল ঘোষণার সঙ্গে সঙ্গে গোটা নির্বাচন ব্যবস্থা নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে। সরকারের এ ব্যাপারে কোনো করনীয় থাকবে না।
ওবায়দুল কাদের বলেন, কোরবানির ঈদকে কেন্দ্র করে যত্রতত্র পশুর হাট বসতে পারবে না। মহাসড়কের পাশে কোনোভাবেই পশুর হাট বসতে দেওয়া হবে না।
এজন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশনা দেন। এছাড়া আগামী মাসের ১০ তারিখের মধ্যে সড়ক ও মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে যান চলালের উপযোগী করতে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেন মন্ত্রী।
এবারের ঈদে যানজট নিরসনের পাশাপাশি সড়ক দুর্ঘটনা রোধে প্রধান টার্গেট নিয়ে কাজ করা হবে বলে জানান এবং এজন্য জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনকে একটি টিম হয়ে কাজ করার নির্দেশ দেন মন্ত্রী।
মহাসড়কে ইজিবাইক চলাচল কমেছে, কিন্তু ব্যটারিচালিত রিকশা চলাচল বেড়ে গেছে মন্তব্য করে তিনি এসব ব্যাটারিচালিত রিকশা হাইওয়েতে চলাচল বন্ধ করতে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দেন। মোটরসাইকেল সম্প্রতি নতুন উপদ্রব হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করে কাদের বলেন, মোটরসাইকেলে হেলমেট ছাড়া ছোট ছোট ছেলেমেয়ে নিয়ে তিন থেকে চারজন নিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে।
পুলিশকে এসব মোটরসাইকেল আটকিয়ে জরিমানা করার নির্দেশ দিয়ে তিনি বলেন, এখানে কোনো সহানুভুতি দেখানো যাবে না। জরিমানা চালু করা হলে মোটরসাইকেলে তিন চারজন নিয়ে ঝুঁকির্পূণ চলাচল কমে আসবে।
গত ঈদে মন্ত্রণালয়ের মনিটরিং ব্যবস্থা দুর্বল ছিল উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবার মনিটরিং ব্যবস্থা জোরদার করার তাগিদ দেন এবং ফিটনেসবিহীন যানবাহন চলাচল নিষিদ্ধ করার নির্দেশ দেন।
ঈদের তিন দিন আগে থেকে মহাসড়কে পচনশীল দ্রব্য, ওষুধ ও রপ্তানিমুখী পোশাক বহনকারী ছাড়া ভারী পরিবহন চলাচল বন্ধ থাকবে বলে জানান।
যানজট প্রসঙ্গে মন্ত্রী বলেন, রমজানের ঈদে যানজট ছিল না; আর কোরবানির ঈদেও যানজটের তেমন শঙ্কা নেই। আগামী বছর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জানযট আর থাকবে না।
“ইতোমধ্যে গজীপুর থেকে এলেঙ্গা পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট কমেছে; আর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ২য় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা এবং দ্বিতীয় মেঘনা-গোমতী সেতু চালু হওয়ার পর যানজট নিরসন হবে।”
দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা সেতুর নির্মাণাধীন অফিসে ঈদের আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনকল্পে করণীয় ও মতবিনিমিয় সভায় মন্ত্রী কথা বলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন বিভাগের সচিব নজরুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ, বিআরটিএ-এর চেয়ারম্যান মশিউর রহমান, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলম, নারায়ণগঞ্জে জেলা প্রশাসক রাব্বি মিয়া, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা, সড়ক ও জনপথ বিভাগের ঢাকা বিভাগের অতিরিক্ত প্রকৌশলী আব্দুনস সুবুর, শ্রমিক নেতা তাজুল ইসলাম, পরিবহন মালিক সমিতির নেতা সোহেল মাহমুদ প্রমুখ।
