২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

নারায়ণগঞ্জ থেকে ‘অপহৃত’ এক কিশোরীকে রাজশাহী থেকে উদ্ধার করে ফেরার পথে টাঙ্গাইলে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সেই কিশোরীসহ তিনজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন পুলিশ সদস্যসহ চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

টাঙ্গাইল ও নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2018, 09:18 AM

Updated : 08 Apr 2022, 06:43 PM

মঙ্গলবার ভোর ৪টার দিকে টাঙ্গাইল শহরের কুমুদিনী কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউর রহমান জানান।

দুর্ঘটনায় নিহতরা হলেন জান্নাতুল ফেরদৌস বর্ণা (১৯), তার খালাতো ভাই ফারুক (৪১) এবং মামা সিরাজুল ইসলাম (৫৫)। তাদের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ভাটি বন্দর এলাকায়।

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার এসআই তানভীর (৩৩), এএসআই হাবিব (৩০), কনস্টেবল আজাহার (৪৫) ও মাইক্রোবাসের চালক আকতারকে (৩৫) আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশের একটি দল অপহৃত এক কিশোরীকে উদ্ধার করতে রাজশাহীর বাগমারায় গিয়েছিল। তাদের সঙ্গে ওই কিশোরীর স্বজনরাও ছিলেন।  

মেয়েটিকে উদ্ধার করে সোমবার রাতে তারা নারায়ণগঞ্জে ফেরার পথে টাঙ্গাইলের কুমুদিনী কলেজ মোড়ে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং গাড়িতে আগুন ধরে যায়।

এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় বলে এই পুলিশ কর্মকর্তা জানান।