২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় ফেরির ধাক্কায় স্পিডবোট উল্টে ইউপি সদস্যের মৃত্যু

মুন্সীগঞ্জে পদ্মা নদীতে ফেরির ধাক্কায় স্পিডবোড উল্টে একজন ইউপি সদস্যের মৃত্যু হয়েছে; নিখোঁজ রয়েছেন আরও একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2018, 03:07 PM

Updated : 19 Aug 2022, 02:20 PM

রোববার সকাল সোয়া ৯টার দিকে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনায় অন্তত দশজন আহত হয়েছেন বলে লৌহজং থানার ওসি লিয়াকত আলী জানান।

মৃত সুফিয়া বেগম (৬০) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ছিলেন। তিনি হাসাড়া এলাকার সেলিম শেখের স্ত্রী।

নিখোঁজ জালাল সরকার (৫০) শ্রীনগরের কেয়টকালী এলাকার বাবর আলীর ছেলে। আহতদের মধ্যে ছয়জনকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে; বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

বিআইডব্লিউটিসির এজিএম খন্দকার শাহ মো.খালেদ জানান, সকালে শিমুলিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে স্পিডবোডটি কাঁঠালবাড়ি ঘাটে যাচ্ছিল। কাঁঠালবাড়ি থেকে শিমুলিয়াগামী ফেরি ‘টাপলুর’ সঙ্গে খাক্কা খেয়ে স্পিডবোটটি নদীতে উল্টে যায়।

“শিমুলিয়া ঘাট থেকে প্রায় ৫০০ মিটার দূরে পদ্মার মাঝখানে ওই দুর্ঘটনা ঘটে। একটু দূরে থাকা ফেরি কপতীর কর্মীরা এক নারীর লাশ ও দশজনকে জীবিত উদ্ধার করে।”

জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মকসুদা লিমা বলেন, সুফিয়া খাতুনের লাশ উদ্ধার করে শিমুলিয়া ঘাটে রাখা হয়েছে। তার স্বজনরা ঘটনাস্থলে এসেছেন।

ওসি লিয়াকত বলেন, দুর্ঘটনার পর স্পিডবোটের চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।