গাজীপুরে ট্রেনের ছাদ থেকে যুবকের লাশ উদ্ধার
গাজীপুরে ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশ ক্যাম্পের এসআই এসএম রকিবুল হক জানান, আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে শনিবার গভীররাতে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের বয়স অনুমানিক ২২ বছর বলে জানালেও তার বিস্তারিত নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এসআই এসএম রকিবুল বলেন, লালমনি এক্সপ্রেস শনিবার রাতে ঢাকার কমলাপুর থেকে লালমনিহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।
পরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর স্টেশন থেকে যাত্রী নিয়ে শনিবার রাত প্রায় ১২টার দিকে জয়দেবপুর রেলওয়ে এসে পৌঁছায়।
“এ সময় মৈত্রী এক্সপ্রেসের সুপারভাইজার ও কর্মীরা লালমনি এক্সপ্রেস ট্রেনের ছাদে এক যুবকের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে।”
খবর পেয়ে রেল পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় বলে জানান রকিবুল।
তিনি বলেন, “নিহতের পড়নে কালো প্যান্ট ও শার্ট রয়েছে। তার বুক ও তলপেটসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।”
দুর্বৃত্তরা তার কাছ থেকে টাকা-পয়সা লুট করে তাকে হত্যার পর ট্রেনের ছাদে ফেলে গেছে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।
টঙ্গী রেলওয়ে জংশনের পুলিশ ক্যাম্পের এসআই মো.রফিকুল ইসলাম জানান, বিমানবন্দর স্টেশন থেকে বিভিন্ন সময় যাত্রীবেশে ছিনতাইকারীরা বিভিন্ন ট্রেনের ছাদে উঠে যাত্রীদের টাকা ও মালামাল লুট করে তাদের হত্যা করে।
তিনি বলেন,গত ২৮ফেব্রয়ারি বিমানবন্দর স্টেশন এলাকায় ‘কর্ণফুলি এক্সপ্রেস’ট্রেনের ছাদ থেকে শাকিব নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার হয়।
ওই ঘটনায় রেলপথে ছিনতাই চক্রের তিন সদস্য সজীব, রফিক ও শুভকে গ্রেপ্তার হয়। পরে তারা এ ঘটনা স্বীকরোক্তিও দেয়।
তারা গাজীপুরের পুবাইল স্টেশন থেকে ওই ট্রেনে উঠে শাকিবকে খুনের পর টাকা লুট করে ট্রেন থেকে নেমে যায় বলে জানান এসআই রফিকুল জানান।
