২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে ছুরি মেরে সিঁধ কাটার গল্প সাজান স্বামী

স্ত্রীকে ছুরি মারার পর নিজের ঘরে সিঁধ কেটে গল্প সাজিয়ে ধরা পড়েছেন গোপালগঞ্জের এক যুবক।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2018, 06:05 PM

Updated : 08 Apr 2022, 06:42 PM

আটক ইব্রাহিম (৩৫) জেলার কাশিয়ানী উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, ইব্রাহিম বুধবার রাতে ফুটবল খেলা দেখার জন্য বাড়ি থেকে বের হতে চাচ্ছিলেন। কিন্তু তার স্ত্রী লিপি বেগম (২৫) তাকে বাধা দেন।

“একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইব্রাহিম স্ত্রীর পেটে ছুরি মারেন। পরে নিজের ঘরে সিঁধ কেটে পুলিশকে বলেন, দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে ঢুকে প্রথমে তাকে মারধর করে। স্ত্রী চিৎকার দিলে দুর্বৃত্তরা তার পেটে ছুরি মেরে পালিয়ে যায়।”

ইব্রাহিমের চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিপি মারা যান।

ওসি আজিুজুর বলেন, “ইব্রাহিমের বানানো গল্পে পুলিশের সন্দেহ হয়। থানায় এনে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে রাগের মাথায় ছুরি মারার কথা স্বীকার করেন। পরে বাঁচার জন্য ফন্দি আঁটতে থাকেন। সিঁধ কাটার গল্প সাজান।”

ইব্রাহিমকে আদালতে হাজির করা হবে বলে জানান ওসি আজিজুর রহমান।