২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসচাপায় চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ

গাজীপুরে বিআরটিসির বাসচাপায় এক চিকিৎসক নিহত হওয়ায় তার সতীর্থ-সহকর্মীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2018, 03:15 PM

Updated : 08 Apr 2022, 06:42 PM

জেলা ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার সালেহ উদ্দিন আহম্মদ জানান, শনিবার সকালে কুনিয়া এলাকায় প্রায় দেড় ঘণ্টা তারা মহাসড়ক অবরোধ করে রাখলে যানজট দেখা দেয়।

বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজার এলাকায় স্থানীয় সুলতান জেনারেল হাসপাতালের চিকিৎসক শাম্মীর সাকির প্রকাশ বিআরটিসির বাসচাপায় নিহত হন।

তিনি কুনিয়া এলাকার তায়রুন্নেছা মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। এই কলেজের শিক্ষার্থীসহ প্রকাশের সতীর্থ ও সহকর্মীরা বিক্ষোভে অংশ নেন।

পুলিশ কর্মকর্তা সালেহ উদ্দিন বলেন, বাসটি শনাক্ত করা হয়েছে। চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সাড়ে ১০টা দিকে অবরোধ প্রত্যাহার করেন। প্রায় দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।

নিহত চিকিৎসক প্রকাশের একই কলেজের শিক্ষার্থী তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জনি সূত্রধর জানান, ২০১৩ সালে শাম্মীর তাদের কলেজ থেকে এমবিবিএস কোর্স শেষ করেন এবং যথারীতি ইন্টর্নীশীপও শেষ করেন। পরে পার্শবর্তী বোর্ড বাজারের সুলতান জেনারেলর হাসপাতালে চিকিৎসক হিসেবে যোগ দেন। তার গ্রামের বাড়ি পাবনায়। তিনি ঢাকার উত্তরার ৬ নম্বর সেক্টরে ভাড়া বাসায় থাকতেন। স্ত্রী তানিয়া  একটি বেসরকারি বিশ্ববিদ্যলয়ে লেখাপড়া করেন। তাদের ১১ মাস বয়সী এক মেয়ে রয়েছে।