মুন্সীগঞ্জে ৯৫০ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার
মুন্সীগঞ্জে নালা নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় চারটা ম্যাগাজিনসহ ৯৫০ রাউন্ড রাইফেলের গুলি পাওয়া গেছে; যেগুলো মুক্তিযুদ্ধকালের বলে পুলিশের ধারণা।
সদর থানার পরিদর্শক গাজী সালাউদ্দিন জানান, শুক্রবার বিকালে মুন্সীগঞ্জ পৌরসভার মধ্য কোর্টগাঁও এলাকায় আবুল কালম খানের বাড়ির সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়।
শ্রমিকরা নালা নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে এগুলো দেখতে পায় জানিয়ে তিনি বলেন, “তাদের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে একটি বস্তার ভেতর থেকে চারটি ম্যাগাজিন ও রাইফেলের ৯৫০টি গুলি উদ্ধার করে।
“প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এসব ব্যবহৃত হয়েছিল। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।”
