‘অপহরণ চেষ্টা ব্যর্থ’, হামলায় আহত খাগড়াছড়ি উপজেলা চেয়ারম্যান
আলোচিত দুটি হত্যা মামলার আসামি খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চু মণি চাকমাকে ‘অপহরণে ব্যর্থ হয়ে’ পিটিয়ে আহত করেছে একদল হামলাকারী।
শুক্রবার দুপুরে খাগড়াছড়ি আদালত এলাকায় প্রেসক্লাবের সামনের সড়কে এ হামলা হয় বলে সদর থানার ওসি শাহাদাত হোসেন টিটু জানান।
চঞ্চু মণি চাকমাকে (৪৫) খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে চটগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর জনতার সহায়তায় পুলিশ চারজনকে আটক করেছে। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
ওসি শাহাদাত জানান, চঞ্চু মণি চাকমা দুমাস আগে ঘটা নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যা এবং তার পরদিন ইউপিডিএফ নেতা তপন জ্যোতি চাকমাসহ ৫ হত্যা মামলার আসামি।
শাহাদাত সাংবাদিকদের বলেন, বেলা সাড়ে ১২টার দিকে প্রেসক্লাবের সামনের সড়কে একদল যুবক চঞ্চুমণি চাকমাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিতে চাইলে তিনি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
“এক পর্যায়ে পোস্ট অফিসের দুই নম্বর গেটের সামনে পড়ে গেলে সেখানে ৫/৬ জন যুবক তাকে এলোপাতাড়ি মারতে থাকে। মাথায় ইট দিয়ে আঘাতও করে। এ সময় স্থানীয়রা ছুটে গেলে অপহরণকারীরা পালিয়ে যায়।”
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাজারে নিয়ে আসে এবং সেখান থেকে পুলিশ পাহারায় তাকে হাসপাতালে পাঠানো হয় বলে ওসি জানান।
এ ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে আটক করার কথা জানালেও তদন্তের স্বার্থে তাদের পরিচয় জানাতে অস্বীকৃতি জানান ওসি।
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন বলেন, চঞ্চুমনি চাকমার উপর হামলার ঘটনায় সন্দেহভাজন চার জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনা পরপরই শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে পুলিশ তল্লাশি চৌকি বসানো হয়েছে।
গত ৩ মে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান ও জেএসএস (সংস্কাপন্থি) সহসভাপতি শক্তিমান চাকমাকে তার কার্যালয়ের সামনে গুলিতে হত্যা করা হয়। পরদিন (৪ মে) শক্তিমানের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ব্রাশফায়ারে ইউপিডিএফ (ডেমোক্রাটিক) সভাপতি তপন জ্যোতি চাকমাসহ পাঁচজনকে হত্যা করা হয়।
এ দুই হত্যাকাণ্ডে জেএসএস সংস্কার ও ইউপিডিএফ গণতান্ত্রিকের পক্ষ থেকে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপকে দায়ী করা হয়।
আহত খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমণি চাকমা ইউপিডিএফ প্রসীত গ্রুপের সমর্থক।
হাসপাতালে থাকাকালে চঞ্চুমনি চাকমা সাংবাদিকদের বলেন, তাকে অপহরণের উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে।
চঞ্চু মনির উপর হামলার নিন্দা
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) –এর খাগড়াছড়ি জেলা ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান সংগঠক উজ্জ্বল স্মৃতি চাকমা শুক্রবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে চঞ্চুমনি চাকমার উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তরের দাবি করেছেন।
ইউপিডিএফ-এর প্রচার ও প্রকাশনার দায়িত্বে থাকা নিরন চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দুপুর সাড়ে ১২টার দিকে কোর্ট বিল্ডিং এলাকার দিক থেকে মোটরসাইকেলযোগে আসার পথে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে ৫/৬ জনের একদল সন্ত্রাসী চঞ্চুমনি চাকমার উপর হামলা করে। এ সময় সন্ত্রাসীরা তাকে অপহরণের চেষ্টা করে ব্যর্থ হয়ে হত্যার উদ্দেশ্যে ইট ও ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে।
বিবৃতিতে তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
