রাবিতে সাংবাদিকের ওপর হামলা: বছর ঘুরলেও অগ্রগতি নেই মামলার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবেদক আরাফাত রহমানের ওপর হামলার ঘটনার এক বছর পেরিয়ে গেলেও তদন্তে কোনো অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন সংবাদমাধ্যমের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ও প্রতিনিধিরা।
গত বছর ১০ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দেশ ট্রাভেলসের বাস ভাঙচুরের ছবি তোলায় ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আরাফাতের ওপর হামলা চালানো হয়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও দশজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন আরাফাত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছেও একটি লিখিত অভিযোগ করেন।
ওই চারজন হলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আহমেদ সজীব; আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বিজয়; তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান কানন এবং সাংগঠনিক সম্পাদক হাসান লাবন।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের এক মানবন্ধনে বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি শিহাবুল ইসলাম এক বছরেও মামলার তদন্ত প্রতিবেদন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
“আরাফাতের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার এক বছর পূর্ণ হলেও যেসব ছাত্রলীগ নেতারা হামলা চালিয়েছিল তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। এমনকি তদন্ত প্রতিবেদন পর্যন্ত আদালতে দাখিল করেনি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করলেও তারা নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেন শিহাবুল।
রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী ইউনুস হৃদয়ের সঞ্চালনায় ওই মানববন্ধনে বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক হুসাইন মিঠু, প্রচার সম্পাদক আহমেদ ফরিদ, রাবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি রাশেদ রিন্টু, রাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায়হান বাপ্পি ও সাবেক সাধারণ সম্পাদক ইমদাদুল হক সোহাগ বক্তব্য দেন।
মামলার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে মতিহার থানার এসআই রায়হান বলেন, “আরাফাতের মেডিকেল রির্পোট হাতে পেয়েছি; তদন্ত প্রায় শেষের দিকে। আশা করছি, এ মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে পারব।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, “আমার জানা মতে, এটা গত প্রক্টরের সময়ের ঘটনা। আমি দায়িত্ব নেওয়ার পরে আরাফাতের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ আসেনি; এ বিষয়ে আমি কিছু জানি না। “
দায়িত্ব হস্তান্তর হলে নতুন করে আবেদন দিতে হয় কিনা এমন প্রশ্নে প্রক্টর বলেন, “আগের অভিযোগের কাগজ কোথায় আছে, আমার জানা নেই।”
