চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামে নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে নগরীর কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক মো. গাফফারের (৪০) বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়।
তার সহকর্মীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাততলা ওই ভবনের চতুর্থ তলার দেয়ালে সিমেন্টের প্রলেপ দেওয়ার কাজ করছিলেন গাফফার।
কাজের মধ্যেই ‘অসতর্ক অবস্থায়’ নিচে পড়ে গিয়ে গাফফার গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে এএসআই আলাউদ্দিন জানান।
