রংপুরে সাবেক পুলিশ কর্মকর্তার টাকা ছিনতাই
রংপুর শহরে সাবেক এক পুলিশ কর্মকর্তার আট লাখ টাকা ছিনতাই হয়েছে।
রোববার দুপুরে শহরের পায়রা চত্বর এলাকায় সাবেক পরিদর্শক মোহসীন আলীর কাছ থেকে চার যুবক ওই টাকা ছিনিয়ে নেয় বলে নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই মো. মনিরুজ্জামান জানান।
মোহসীন আলীর বরাত দিয়ে এসআই মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোহসীন আলী পায়রা চত্বর এলাকার আল আরাফা ইসলামী ব্যাংক থেকে সাত লাখ টাকা উত্তোলন করেন। তার ব্যাগে আরও এক লাখ টাকা ছিল।
“ব্যাংক থেকে নিচে নেমে মোটরসাইকেলে টাকার ব্যাগটি রাখার সময় দুই যুবক এসে বলে, তার টাকা পড়ে গেছে। মোহসীন আলী ঘুরে টাকা খোঁজার চেষ্টা করলে তারা টাকার ব্যাগটি নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।”
শহরের বাস টার্মিনাল এলাকার বাসিন্দা মোহসীন।
আল আরাফা ইসলামী ব্যাংক রংপুর শাখার ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার মোহাম্মদ ইবরার বলেন, “মোহসীন আলী ব্যাংক থেকে সাত লাখ টাকা উত্তোলন করেন। কিছুক্ষণ পর শুনি তার টাকা ছিনতাই হয়ে গেছে।”
ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি বাবুল মিয়া।
