সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জ সদর উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ বলছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের একটি পাটক্ষেত থেকে লাশটি তারা উদ্ধার করেন বলে সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান।
নিহত সংগ্রাম (২৭) সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের আক্তার হোসেনের ছেলে।
পরিদর্শক রফিকুল বলেন, একটি পাটক্ষেতের মধ্যে সংগ্রামের লাশ পড়ে থাকতে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
“নিহতের শরীরের বিভিন্ন স্থানে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।”
এ হত্যাকাণ্ডে সন্দেহভাজন দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে জানালেও তাদের নাম পরিচয় জানাতে রাজি হননি এ পুলিশ কর্মকর্তা।
