২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমি অফিসে ‘অসৌজন্যমূলক’ আচরণ, কৃষকের কারাদণ্ড

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ভূমি কার্যালয়ে এসে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে সেবা প্রত্যাশী এক কৃষককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2018, 08:31 PM

Updated : 08 Apr 2022, 06:39 PM

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় কুমার মহন্ত ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বুধবার বিকালে ওই কৃষককে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত মজিবর রহমান (৬৫) উপজেলার ফরিদপুর ইউনিয়নের উত্তর ফরিদপুর গ্রামের দছিম সর্দারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মজিবর জমি সংক্রান্ত (৬২ ও ৪০ সালে রের্কড ও খতিয়ান) কাগজপত্রের জন্য বুধবার দুপুরে উপজেলা ভূমি কার্যালয়ে অফিস সহকারী ও অফিস সহায়কের কাছে যান। কিন্তু তারা জানান এসব কাগজপত্র জেলা রের্কড রুম থেকে উত্তোলন করতে হয়। তখন তিনি ওই কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাইরে এসে ওই কৃষকের কাছে বিষয়টি জানতে চান এবং জেলা রের্কড রুম থেকে প্রয়োজনীয় কাগজপত্র উত্তোলনের পরামর্শ দেন। তখন তার সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালত বসিয়ে সাত দিনের দণ্ড দিয়ে কারাগারে পাঠান বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়ে সঞ্জয় কুমার মহন্ত বলেন, “উপজেলা ভূমি অফিসে এসে অসৌজন্যমূলক আচরণ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মজিবর রহমানকে সাত দিনের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।”