২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু সাফারি পার্কে জন্মেছে সাদা সিংহ শাবক

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আবারও সাদা সিংহ শাবকের জন্ম হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2018, 07:52 PM

Updated : 19 Aug 2022, 02:16 PM

আফ্রিকা থেকে আনা সাদা সিংহগুলোর সঙ্গে নতুন সদস্যকে ঘুরতে দেখা গেছে। এ নিয়ে সাফারি পার্কে সাদা সিংহের সংখ্যা দাঁড়াল পাঁচে।

সাফারি পার্কের বন্যপ্রাণি সুপারভাইজার মো.সারোয়ার হোসেন খান বলেন, সাদা সিংহ আলাদা কোনো প্রজাতির সিংহ নয়। এদের দেহে ‘চিনচিলা’ নামে এক ধরণের জিন থাকে। এ জিনের উপস্থিতির কারণে এদের বর্ণ হয় সাদা।

২০১৩ সাল থেকে ২০১৬ সালের মধ্যে আফ্রিকা থেকে সাতটি সাদা সিংহ আনা হলেও বিভিন্ন রোগে তাদের মধ্যে তিনটি মারা যায়। পরে এ দুই দম্পতির ঘরে ২০১৬ সালে দুইটি বাচ্চার জন্ম হলেও এক বছরের মধ্যে বাচ্চা দুটি মারা যায় বলে জানান তিনি।

সারোয়ার হোসেন বলেন, প্রায় দুই বছর পর চলতি বছরের মে মাসের শেষ সপ্তাহে আবার একটি শ্বেত সিংহ শাবক জন্মে। মাসখানের পর সিংহী বাচ্চাটি নিয়ে প্রকাশ্যে নিয়ে এলে তা কর্তৃপক্ষের নজরে আসে।

শাবকটি মায়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। শাবকসহ মা সিংহটিকে দেখে পর্যটকদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা গেছে বলে জানান তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোতালেব জানান, কোর সাফারি পার্কে প্রাণীরা শাবক জন্ম দিচ্ছে, যা পর্যটকদের আকর্ষণ বাড়াচ্ছে। ফলে আয় বাড়ছে পার্কের।