গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় ছাত্র-গ্রামবাসী ফের সংঘর্ষ, আহত ২০
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বহিরাগতদের হামলার ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীদের সঙ্গে ছাত্রদের ফের সংঘর্ষ হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় এলাকায় দ্বিতীয় দফা এ সংঘর্ষে গোপালগঞ্জ সদর থানার ওসিসহ অন্তত ২০ জন আহত হয়।
এ সময় শিক্ষার্থীরা এলাকাবাসীর কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে বেশ কয়েক রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে গোপালগঞ্জের এএসপি সার্কেল মো. ছানোয়ার হোসেন জানান।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এরআগে বুধবার সন্ধ্যায় শিক্ষার্থী ও গোবরা গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়।
ওসি মনিরুল জানান, বহিরাগতদের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা বিশ্ববিদ্যালয়ের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করে এবং সড়কের পাশের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় বেলা সাড়ে ১২টার দিকে গোবরা গ্রামবাসী লাঠিসোটা নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া করলে তারা ক্যাস্পাসে অবস্থান নেয়। পরে গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। এতে পুলিশসহ ২০ জন আহত হয়।
পরে গোপালগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ এসে গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ এবং বেলায়েত হোসেন মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় গ্রামবাসী ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গ্রামবাসী এক পর্যায়ে বিশ্বদ্যিালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে ভাংচুর ও শিক্ষার্থীদের মারধর করে। এতে শিক্ষার্থীসহ ৩০ জন আহত হয় বলে জানান ওসি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইটের টহল শেডে আগুন দেয়। এ সময় শিক্ষার্থী ও গ্রামবাসী মোটরসাইকেলসহ বেশ কিছু যানবাহন ভাংচুরও করে।
বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র নিউটন মজুমদার অভিযোগ করেন, গ্রামের ছেলেরা বিশ্ববিদ্যালয়ের লেকে গোসল করতে এসে অশ্লীল অঙ্গভঙ্গি করে।তারা ছাত্রীদের উত্ত্যক্ত করে। প্রতিবাদ করায় দুই শিক্ষার্থীকে মারধর করে।
গোবরা গ্রামের শরাফত হোসেন বলেন, “সামান্য ঘটনায় উত্তেজিত হয়ে ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহন, বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইটের ব্যাপক ক্ষতি করা হয়েছে।”
তিনি দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এএসপি ছানোয়ার বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে এ ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
