গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে ছাত্র-গ্রামবাসী সংঘর্ষে আহত ৩০
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছাত্র ও গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় দফায় দফায় এই সংঘাত হয়।
শিক্ষার্থীরা এ সময় ক্যাম্পাসের বাইরে কয়েকটি দোকান ভাঙচুর করে আগুন দেয়। এছাড়া দুটি মোটর সাইকেল পুড়িয়ে দেয় তারা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী ও স্থানীয় গোবরা গ্রামের যুবকদের মধ্যে ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে হাতাহাতি হয়।
পরে ছাত্ররা ক্যাম্পাসের পুকুরে গোসল করতে গেলে সেখানে তাদের কয়েকজনকে স্থানীয় যুবকরা মারধর করে।
এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা জড়ো হয়ে ক্যাম্পাসের সামনের সড়কের পাশে এবং সোবহান সড়কের কয়েকটি দোকানে হামলা ও ভাঙচুর চালায়।
পরে গোবরা গ্রামের লোকজন বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকে অবস্থান নিয়ে ছাত্রদের মারধর করে।
সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত দুই গ্রুপের মধ্যে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
আহত ৩০ জনের মধ্যে ১৫ শিক্ষার্থীকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হাসপাতালে ভর্তি ১৫ জন হলেন- সমাজবিজ্ঞান চতুর্থ বর্ষের নিউটন মজুমদার (২৩), লোকপ্রশাসন প্রথম বর্ষের তুহিন (২০), মার্কেটিং তৃতীয় বর্ষের মুন (২২), মুরাদ (২২), পদার্থবিজ্ঞান প্রথম বর্ষের আসিফ (২০), সুব্রত (২০), এআইএস দ্বিতীয় বর্ষের তিতাস (২১), ম্যানেজমেন্ট মাস্টার্সের অরূপ (২৪), সমাজবিজ্ঞান দ্বিতীয় বর্ষের মিহিন (২১), নাজমুল ইসলাম পাভেল (২১), নাইম হোসেন (২১), আন্তর্জাতিক সম্পর্ক তৃতীয় বর্ষের মহসিন (২২), মিজান (২২), সিএসই দ্বিতীয় বর্ষের সিহাব (২১) এবং আমিনুর।
