২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে শিশু হত্যার দায়ে ভগ্নিপতিসহ ২ জনের প্রাণদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিশু হত্যার দায়ে ভগ্নিপতিসহ দুইজনকে প্রাণদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2018, 04:18 PM

Updated : 19 Aug 2022, 02:15 PM

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশেষ ট্রাইব্যুনাল দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আউয়াল সোমবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন নিহত আশিকুর রহমান রিফাতের ভগ্নিপতি মহিউদ্দিন হাসনাত ও তার সহযোগী সাইফুল ইসলাম।

রায় ঘোষণার সময় মহিউদ্দিন আদালতে ছিলেন। অপর আসামি সাইফুল পলাতক।

নিহত রিফাত মিরপুর বায়তুল মামুর মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কে এম ফজলুর রহমান মামলার নথির বরাতে বলেন, ২০১২ সালের ১০ অগাস্ট রাজধানীর মিরপুর এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে রিফাতকে এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে থেকে অপহরণ করেন তার ভগ্নিপতি মহিউদ্দিন ও তার সহযোগী সাইফুলসহ কয়েকজন।

ওই দিনই তাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার নাভানা সিটি ভুঁইয়া এলাকায় নিয়ে গলা কেটে হত্যা করা হয়। লাশ উদ্ধারের পর পরিচয় না পাওয়ায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।

আইনজীবী ফজলুর বলেন, পুলিশ তদন্তকালে মহিউদ্দিনকে আটক করে। ২০১২ সালের ২৬ অগাস্ট মহিউদ্দিন নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনোয়ারা বেগমের আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

“জবানবন্দিতে মহিউদ্দিন বলেন, পারিবারিক ঝগড়ার সময় শাশুড়ি তাকে ঝাড়ু দিয়ে পেটানোর প্রতিশোধ নিতেই শিশু শ্যালককে হত্যা করেন তিনি। হত্যার জন্য ৩০ হাজার টাকায় চুক্তি করেন কয়েকজনের সঙ্গে।”

আদালত এ মামলায় রাষ্ট্রপক্ষে ১৩ জন ও আসামিপক্ষের তিনজনের সাক্ষ্য গ্রহণ করেছে জানিয়ে তিনি বলেন, এ রায়ে নিহত রিফাতের বাবা তোফাজ্জল হোসেন সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

তবে আসামিপক্ষের আইনজীবী আব্দুল বারী ভূঁইয়া এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।