২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুতুবদিয়ায় পুকুরে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পুকুরে ডুবে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2018, 07:13 PM

Updated : 19 Aug 2022, 02:14 PM

শনিবার বিকালে উত্তর ধুরুং এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কুতুবদিয়া থানার পরিদর্শক মো. দিদারুল ফেরদৌস।

মৃত তাসনিম আইয়ুব তারিক (১৮) চট্টগ্রামের একটি কলেজের শিক্ষার্থী।

পরিদর্শক দিদারুল ফেরদৌস বলেন, শনিবার সকালে চট্টগ্রাম থেকে তাসনিম আইয়ুব তারিকসহ ছয় বন্ধু এক হতদরিদ্র ব্যক্তিকে সাহায্যের জন্য কুতুবদিয়া আসেন। তারা কুতুবদিয়া পৌঁছার পর উত্তর ধুরুং এলাকায় ওই ব্যক্তির বাড়ি যান।

“ওই ব্যক্তিকে একটি রিকশা দেওয়ার পর তাসনিম আইয়ুব তারিকসহ ছয় বন্ধু স্থানীয় এক পুকুরে গোসলে নামেন। গোসলের এক পর্যায়ে তারিক অসুস্থ হয়ে পড়লে বন্ধুরা তাকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।”

ফেরদৌস বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

“এরপর তার বন্ধুরা ট্রলারযোগে সাগরপথে তাকে চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তরের জন্য তার বন্ধুরা নিয়ে গেছেন বলে জানান ফেরদৌস।