পাবনায় স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার আসামির শাস্তির দাবি
পাবনায় এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
শনিবার দাপুনিয়া জোত আদম শহীদ রফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে অপহরণকারী ও ধর্ষকদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি দেয় তারা।
গত ৩ জুন ওই বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এ সময় একই গ্রামের মো. বক্কার শেখের ছেলে মো. রাব্বি শেখের নেতৃত্বে ৩/৪ জন মেয়েটিকে তুলে নিয়ে যায়। পরে ঘুমের ওষুধ খাইয়ে ছয়দিন ধরে মেয়েটিকে মানসিক ও শারীরিক নির্যাতন চালায়।
মেয়েটির বাবা মামলা করলে গত ৯ জুন সদর উপজেলার মজিদপুরে অটোরিকশার মধ্যে মেয়েটিকে ফেলে যায় অপহরণকারীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দাপুনিয়া ইউপি সদস্য আমজাদ হোসেন, মহিলা সদস্য আমেনা খাতুন, শিক্ষক রজিম উদ্দিন, নুর মোহাম্মদসহ এলাকাবাসী।
