যশোরে গ্রেপ্তারের পর কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত
যশোরের ঝিকরগাছা উপজেলায় গ্রেপ্তারের পর কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।
ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) ফকির আজিজুর রহমান জানান, শনিবার ভোরের দিকে উপজেলার কায়েমকোলা বাঘমারা বিলে গোলাগুলির এ ঘটনা ঘটে।
নিহত জাহিদ হাসান টোকন উপজেলার কৃষ্ণনগর গ্রামের আসলাম মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ২৭টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পরিদর্শক আজিজুর বলেন, শুক্রবার রাত ১২টার দিকে যশোর শহর থেকে টোকনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে টোকন তার কাছে অস্ত্র-গুলি থাকার কথা স্বীকার করেন। ভোরের দিকে তাকে নিয়ে বাঘমারা বিলে অভিযানে যায় পুলিশ।
“তার সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি করে। পুলিশ পাল্টা সাত রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা পিছু হটে। এ সময় টোকন মাথায় গুলিবিদ্ধ হন। তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও পাঁচটি হাতবোমা উদ্ধার করেছে জানিয়ে তিনি বলেন, “তালিকাভুক্ত সন্ত্রাসী টোকনের নামে ঝিকরগাছা থানায় হত্যা, মাদক, অস্ত্রসহ ২৭টি মামলা রয়েছে।”
