২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাচ্চু হত্যার পরিকল্পনা হয় তিন মাস আগে: পুলিশ

জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেন, প্রায় তিন মাস আগে সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নের খাসমহল এলাকায় প্রবাসী ইয়াকুব আলীর বাসা ভাড়া নিয়ে জঙ্গিরা বাচ্চুকে হত্যার চেষ্টা শুরু করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2018, 04:29 PM

Updated : 08 Apr 2022, 06:36 PM

গত ১১ জুন মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিশাখা প্রকাশনীর মালিক ও লেখক শাহজাহান বাচ্চুকে গুলি করে হত্যা করা হয়।

এই হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন আবদুর রহমান (৩৪) বৃহস্পতিবার ভোরে সিরাজদিখান উপজেলার খাসমহল বালুরচর এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

পুলিশ সুপার বলেন, “প্রায় তিন মাস আগে এক জঙ্গি নিজেকে গাড়িচালক পরিচয় দিয়ে খাসমহল এলাকায় প্রবাসী ইয়াকুব আলীর বাসা ভাড়া নেয়। তারপর জেএমবির সাংগঠনিক সিদ্ধান্ত থেকে বাচ্চুকে হত্যা করা হয়।”

বাচ্চু হত্যায় অংশ নেয় মোটরসাইকেলে আসা চারজন।

পুলিশ সুপার বলেন, “চারজন ছাড়াও আরও দুইজন আছে; যাদের বিস্তারিত তথ্য আমরা জানতে পেরেছি।”

তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে বলে তিনি জানান।

আব্দুর রহমানের পরিচয় সম্পর্কে তিনি বলেন, “লালু, সাঈদ, আক্কাস ও কাওসার প্রভৃতি নাম ব্যবহার করা আব্দুর রহমান পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার ঢাকাইয়া পাড়া গ্রামের হোসেন আলীর ছেলে।

“বন্দুকযুদ্ধে মৃত্যুর আগে আবদুর রহমান জিজ্ঞাসাবাদে বাচ্চু হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। রহমান ছিলেন ঢাকা বিভাগের জেএমবির সামরিক কমান্ডার।”

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একটি হত্যাসহ তিনটি ডাকাতি মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার।

গত ২৪ জুন গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার একটি বাড়ি ঘিরে অভিযান চালিয়ে আবদুর রহমানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সুপার বলেন, “বুধবার রাত ১টার দিকে আবদুর রহমানকে নিয়ে খাসমহল এলাকায় প্রবাসী ইয়াকুব আলীর বাড়িতে তল্লাশি চালাতে যায় পুলিশ। ফেরার পথে মোটরসাইকেলে করে আসা সহযোগীরা তাকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশে পুলিশের ওপর গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি করে।

“গোলাগুলির সময় আব্দুর রহমান দৌড়ে পালানোর চেষ্টা করেন। গোলাগুলি শেষে রহমানকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

২০১৫ সালের ৩১ অক্টোবর শাহবাগে আজিজ সুপার মার্কেটে নিজের অফিসে খুন হন দীপন, যিনি মুক্তমনা লেখক অভিজিৎ রায়ের বই প্রকাশ করেছিলেন। ওই বছরেরই ফেব্রুয়ারিতে সন্ত্রাসী হামলায় নিহত হন অভিজিৎ।

অভিজিতের পর ব্লগার নীলাদ্রী নিলয়, অনন্ত বিজয় দাশ ও অনলাইন অ্যাক্টিভিস্ট ওয়াশিকুর বাবুকে একই কায়দায় কুপিয়ে হত্যা করা হয়।

বাচ্চুর উচ্চমাধ্যমিক শিক্ষার্থী মেয়ে আঁচল জাহান বলেন, বছর দেড়েক আগে দীর্ঘদিন ধরে তার বাবাকে নিয়মিতভাবে হত্যার হুমকি দিত জঙ্গিরা। বছর দেড়েক কোনো হুমকি আসেনি। জঙ্গিদের ব্লগার হত্যার তালিকায় বাচ্চুর নাম ১১ নম্বরে ছিল বলে আঁচল জানান।