আকিজ জুটমিলের দুই গুদামে অগ্নিকাণ্ড
যশোরের নওয়াপাড়ায় আকিজ জুট মিলের দুইটি গুদামে আগুন লেগে পাট পুড়ে গেছে।
বুধবার বিকালে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে বলে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খান এহসানুল হক জানান।
বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
জুট মিলের প্রধান প্রশাসনিক কর্মকর্তা সুব্রত শর্মা বলেন, “আগুনে দুইটি গুদামের পাট পুড়ে গেছে। তবে কী পরিমাণ পাট পুড়ে গেছে তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।”
ফায়ার সার্ভিস কর্মকর্তা এহসানুল বলেন, বিকাল ৫টার দিকে খবর পেয়ে ফায়ার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে যশোর, খুলনা সদর, খানজাহান আলী ও দৌলতপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে।
বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এ ফায়ার সার্ভিস কর্মকর্তা।
