পদ্মায় স্পিডবোট উল্টে আহত ৫
মুন্সীগঞ্জ লৌহজং টার্নিংয়ের কাছে পদ্মা নদীতে একটি স্পিডবোট উল্টে পাঁচ যাত্রী আহত হয়েছে।
বুধবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে লৌহজং থানার ওসি লিয়াকত আলী জানান।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
এদিকে পদ্মায় তীব্র স্রোতের কারণে সকাল ১০টা থেকে থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ ও স্পিডবোটসহ অন্যান্য যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে অল্প কয়েকটি ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিসির এজিএম খন্দকার শাহ খালেদ নেওয়াজ বলেন, নদীতে স্রোত বেশি থাকায় দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে সকল নৌযান বন্ধ রাখা হয়েছে।
“তিনটি রো রো ফেরি দিয়ে পরাপর কারানো হচ্ছে। পাঁচটি ডাম্প ফেরি বন্ধ রাখা হয়েছে। এছাড়া নদীতে তিনটি ফেরি নোঙ্গর করা রয়েছে। আর শিমুলিয়া ও কাঁঠালবাড়ি ঘাটে দুটি ফেরি বাঁধা আছে।”
উভয় পারে তিন শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানান খালেদ ।
