গোপালগঞ্জে বিয়ের নামে প্রতারণা, যুবক গ্রেপ্তার
গোপালগঞ্জে বিয়ের নামে কলেজছাত্রীকে প্রতারণার অভিযোগে র্যাব একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার মিলন চৌধুরী তিন সন্তানের বাবা। তিনি সদর উপজেলার চামটা গ্রামের রঞ্জিত চৌধুরীর ছেলে।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. তাজুল ইসলাম বলেন, ফরিদপুর রাজেন্দ্র কলেজের এক ছাত্রীর অভিযোগ পেয়ে তারা মিলনকে আটক করেছেন।
ছাত্রীর বরাতে তাজুল বলেন, ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি মিলনের সঙ্গে তার বিয়ে হয়। চার দিন একসঙ্গে থাকার সময় রাতে ছাত্রী ঘুমিয়ে পড়লে তাকে জড়িয়ে ধরে ‘অশ্লীল’ ছবি তোলেন মিলন। কদিন পর মিলন এসব ছবি ইন্টারনেটে প্রচারের ভয় দেখিয়ে দুই লাখ টাকা দাবি করেন ছাত্রীর কাছে। তাদের ওই বিয়ে আইনি প্রক্রিয়ায় নিবন্ধিত না হওয়ায় ওই ছাত্রী প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। পরে এ বছর ১৯ মার্চ কলেজছাত্রী তাকে ডিভোর্স দেন।
“মিলন এসব ছবি ইন্টারনেটে প্রচারের হুমকি দিয়েছেন বলে ছাত্রীর অভিযোগ। আটকের পর মিলনের কাছ থেকে অশ্লীল ছবি, একটি মোবাইল ফোন ও দুটি সিম উদ্ধার করা হয়েছে।”
মিলনকে জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে র্যাব কর্মকর্তা তাজুল বলেন, “ফেইসবুক ও মেসেঞ্জারে মিলন বিভিন্নজনকে ওই সব অশ্লীলসহ অশ্লীল কথাবার্তা লিখে পাঠিয়েছেন। মিলন এর আগেও বিয়ে করেছেন। তার তিনটি ছেলেমেয়ে রয়েছে।”
মিলনকে গোপালগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
