২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক কারাগারেই ঈদ করলেন সাঈদী-বাবর

একই কারাগারে ঈদ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2018, 11:22 PM

Updated : 19 Aug 2022, 02:11 PM

যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত সাঈদী এবং ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাবর রয়েছেন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ।

এই কারাগারের বন্দিদের জন্য আলাদাভাবে ঈদের তিনটি জামাত হয় বলে জানান কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর কারাধ্যক্ষ সুব্রত কুমার বালা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার কারাগারে সাবেক প্রতিমন্ত্রী বাবর, জামায়াত নেতা সাঈদী, আওয়ামী লীগ এমপি আমানুর রহমান রানাসহ দেড় হাজারের মতো বন্দি রয়েছেন।

“তাদের মধ্যে অন্তত ৮০ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত। ঈদ উপলক্ষে এ কারাগারে গরীব ও দুঃস্থ বন্দিদের জন্য প্রায় ৪শ নতুন লুঙ্গি দেওয়া হয়েছে।”

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সুপার প্রশান্ত কুমার বণিক জানান, তার কারাগারে সাবেক প্রতিমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, ময়মনসিংহের এমপি হান্নান মিয়াসহ তিন হাজারের মতো বন্দি রয়েছেন। তাদের মধ্যে ১৪০ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত। এখানে তিনটি পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তারা ঈদে ৩শর মতো বন্দিকে লুঙ্গি দিয়েছেন।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত সুপার শাহজাহান মিয়া জানান, এই কারাগারের দুই হাজার ৩শ জন বন্দির মধ্যে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত ছয় শতাধিক। সেখানে বন্দির জন্য দুটি জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর জেলা কারাগারের কারাধ্যক্ষ মো. নেছার আলম জানান, তার কারাগারে নারী-পুরুষসহ এক হাজারের মতো বন্দি রয়েছেন। তবে সেখানে ফাঁসির কোনো আসামি নেই।

গাজীপুরে ওই চারটি কারাগারের বন্দিদেরই সকালের নাস্তায় পায়েস ও মুড়ি, দুপুরে আলুর দম, রুইমাছ ভাজা, ডিম, সাদা ভাত এবং রাতে পোলাও-মাংস, সালাদ, মিষ্টি, পান-সুপারী ও কোমল পানীয় দেওয়া হয়।