২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ভাইয়ের হাতাহাতিতে প্রাণ গেল একজনের

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দুই ভাইয়ের হাতাহাতির মধ্যে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন বড় ভাই।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2018, 08:07 PM

Updated : 19 Aug 2022, 02:11 PM

শুক্রবার চাঁদখানা ইউনিয়নের উত্তর চাঁদখানা কোদাল ধোয়া গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত সুধীর চন্দ্র রায় (৫২) ওই গ্রামের ধরনী কান্ত রায়ের ছেলে।

ঘটনার পর থেকে ছোট ভাই অনিল চন্দ্র রায় (৩৫) ও তার স্ত্রী গোলাপী রাণী রায় (৩০) পলাতক রয়েছেন।

এলাকাবাসীর বরাত দিয়ে কিশোরগঞ্জ থানার ওসি হারুন-অর রশীদ জানান, বড়ভাই সুধীর চন্দ্র রায়ের কাছ থেকে ধান মাড়াইয়ের জন্য একটি কাঠের পিঁড়ি নেন ছোটভাই অনিল চন্দ্র রায়।

“শুক্রবার সকালে ছোট ভাইয়ের কাছে ওই পিঁড়ি ফেরৎ চাইলে দুভাইয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে সুধীর মাথায় আঘাত পেয়ে মাটিতে পড়ে যান এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”

ওসি জানান, খবর পেয়ে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে থানায় নেয়।

তিনি বলেন, ওই দুই ভাই বাড়ির টিউবওয়েলের পাড়ে বচসায় লিপ্ত হন। বচসার সময় দুই ভাইয়ের মধ্যে ধাক্কাধাক্কির এক পর্যায়ে বড়ভাই সুধির পড়ে গিয়ে টিউবওয়েলের লোহায় মাথায় আঘাত পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সুধীরের ছেলে ধনু নাথ রায় (২২) বলেন, “বাড়ির বাইরে থেকে আমার বাবা এবং কাকার মধ্যে ঝগড়া শুনতে পাই। এরপর বাড়ি এসে বাবার মাথা দিয়ে রক্ত ঝড়তে দেখি। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়ার চেষ্টা করতে গিয়ে দেখি বাবা আর জীবিত নাই।”

চাঁদখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজার রহমান বলেন, “পারিবারিক বিষয় নিয়ে ওই দুই ভাইয়ের মধ্যে ঝগড়ার কথা শুনেছি। সামান্য বিষয়ের ঝগড়ায় এমন মৃত্যুর ঘটনাটি অনাকাঙ্ক্ষিত।”