গোপালগঞ্জে বাসচাপায় কিশোর নিহত
গোপালগঞ্জে সদর উপজেলায় বাসচাপায়ে এক কিশোর নিহত হয়েছে; এ ঘটনায় আহত হয়েছে একজন।
উপজেলার মান্দারতলা আশ্রায়ন প্রকল্পের কাছে ঢাকা-খুলনা মহাসড়কে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মো.মনিরুল ইসলাম জানান।
নিহত দীপঙ্কর বণিক (১৯) গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের ভূপতি বণিকের ছেলে। দীপঙ্কর স্থানীয় একটি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।
আহত অপূর্ব পোদ্দারকে (২০) গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মনিরুল বলেন, মান্দারতলার নিগি ফিলিং স্টেশন থেকে ড্রামে তেল নিয়ে দীপঙ্কর ও অপূর্ব একটি মোটরসাইকেলে করে রঘুনাথপুর যাচ্ছিলেন। পথে একটি পিকআপভ্যান তাদের ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন তারা।
এ সময় একটি বাস দীপঙ্করকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
