সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত
সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে একটি গ্রাম প্লাবিত হয়েছে।
জোয়ারের চাপে নদীর বাঁধ ভেঙে আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রাম প্লাবিত হয়েছে বলে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আলমগীর আলম জানান।
বন্যায় ওই গ্রামের শতাধিক মৎস্য ঘের ও ফসলি জমি তলিয়ে গেছে। তাছাড়া অর্ধ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বলে তিনি জানান।
ইউপি চেয়ারম্যান বলেন, দুপুরে বিছট গ্রামের সরদার বাড়ির সামনে ৭/২ পোল্ডার সংলগ্ন এলাকায় খোলপেটুয়া নদীর তিনটি স্থানে প্রায় দেড়শ ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়।
“আগে থেকেই বাঁধটি ঝুঁকিপূর্ণ ছিল। প্রবল জোয়ারের চপে হঠাৎ করেই দুপুরে তা গর্ভে বিলীন হয়ে যায়।”
বাঁধটি সংস্কার করা না গেলে পরবর্তী জোয়ারে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা জানিয়ে বাঁধ ভাঙার জন্য পানি উন্নয়ন বোর্ডের গাফিলাতিকেই দায়ী করেন তিনি।
এ বিষয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের এসও মশিউল আবেদীন জানান, ভাঙন কবলিত এলাকা সংস্কারে রিং বাঁধ দেওয়ার কাজ শুরু হয়েছে। জোয়ারের জন্য একটু সমস্যা হচ্ছে।
দ্রুত কাজ শেষ হয়ে যাবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি।
