২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে দৌড়ঝাঁপে লাভ হবে না: তোফায়েল

সম্প্রতি বিএনপি নেতাদের ভারত সফরের সমালোচনা করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2018, 07:33 PM

Updated : 11 Oct 2022, 12:24 PM

মঙ্গলবার ভোলায় এক অনুষ্ঠানে আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, যে দল সবসময় ভারতের সমালোচনা করে এ দেশের ভোটের রাজনীতির মাঠ দখল করতে চায় তারা এখন নির্বাচনকে সামনে রেখে ভারতের সাথে দৌড়ঝাঁপ শুরু করেছে।

এই দলটি বিভিন্ন সময়ে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আশ্রয় দিয়ে আসছে বলেও তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেন।

সম্প্রতি ভারত সফর করেছেন বিএনপির বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। সফর শেষে দেশে ফিরে তারা বলেছেন, বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গির পরিবর্তন দেখতে পেয়েছেন।

তোফায়েল বলেন, “এ দেশের নির্বাচনী প্রক্রিয়া আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। বিদেশিরা কখনও অন্য দেশের নির্বাচনে হস্তক্ষেপ করে না। অতীতেও করেনি এবং ভবিষ্যতেও করবে না।”

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর বাংলাদেশ সফরের সময় বিএনপি নেত্রী খালেদা জিয়া তার সঙ্গে যে দেখা করেননি তারও সমালোচনা করেন মন্ত্রী।

“এখন সেই ভারতের কাছে, বিদেশিদের কাছে তারা (বিএনপি) দৌড়াদৌড়ি শুরু করেছে।”

তোফায়েল আরও বলেন, বিএনপি কখনও সহায়ক সরকার দাবি করেছে, কখনও তত্ত্বাবধায়ক সরকার দাবি করছে। এসব দাবি করে কোনো লাভ নেই। তত্ত্বাবধায়ক সরকার আর কোনোদিন বাংলাদেশে আসবে না। বিএনপির উচিৎ হবে দৌড়ঝাঁপ বন্ধ করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা।

তিনি বলেন, খালেদা জিয়ার সাজা হয়েছে আদালতের মাধ্যমে। কোনো দল বা ব্যক্তি তাকে সাজা দেয়নি। তাই তার চিকিৎসার ব্যাপারে কারা কর্তৃপক্ষ বাস্তব পদক্ষেপ গ্রহণ করবে।

মন্ত্রী দুপুরে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায়দের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মঞ্জুর আলম খানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।