২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে কথিত বন্দুকযুদ্ধে নিহত ২

সারা দেশে মাদক বিরোধী অভিযানের মধ্যে ময়মনসিংহে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2018, 09:50 AM

Updated : 08 Apr 2022, 06:32 PM

নগরীর কালিবাড়ী এলাকায় সোমবার গভীর রাতে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান জানান। 

নিহতরা হলেন- নগরীর কৃষ্টপুর এলাকার মামুন মিয়ার ছেলে মো.রনি (৩০) ও বাসবাড়ি কলোনির সিরাজ আলীর ছেলে আনোয়ার হোসেন আনার (৩৮) । তাদের নামে একাধিক মামলা রয়েছে বলে দাবি পুলিশের।

এ নিয়ে মাদকবিরোধী অভিযানে সারাদেশে নিহতের সংখ্যা ১৩৭ জনে উন্নীত হল।

ওসি আশিকুর বলেন, কালিবাড়ি এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির সামনে মাদক ব্যবসায়ীরা মাদক ভাগাভাগি করছে খবরে রাত পৌনে ২টার দিকে সেখানে অভিযান চালায় পুলিশ।

“এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষায় পাল্টা গুলি করে পুলিশও।” 

পরে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে এ পুলিশ কর্মকর্তার ভাষ্য। 

তিনি বলছেন, এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক পরিমল চন্দ্র দাস ও কনস্টেবল শামীম আহত হলে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।  

এছাড়া ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ১৭৫০ ইয়াবা ও তিনটি গুলির খোসা উদ্ধারের খবরও জানায় পুলিশ।