শ্রীপুরে পটকা বিস্ফোরণে মাদ্রাসা ছাত্র আহত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঈদ আনন্দ করতে পটকা বানাতে গিয়ে আহত হয়েছে এক মাদ্রাসা ছাত্র।
সোমবার মুলাইদ গ্রামে এ ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান।
আহত শিমুল ইসলাম শামীমকে (১১) স্থানীয় মাওনা চৌরাস্তার আয়েশা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শামীম ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের কিসমত বনোগ্রাম এলাকার ফরহাদ মিয়া ওরফে শাহ্ পরানের ছেলে এবং কেওয়া পশ্চিম খণ্ড গ্রামে (মাওনা বাজার সংলগ্ন) হাজী সাহিদুর রহমান হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
শামীম সাংবাদিকদের বলে, বেলা ১১টার দিকে সে মাদ্রাসা থেকে বাড়ি আসছিল। পথে মুলাইদ গ্রামের কাসেম মিয়ার ছেলে স্থানীয় হাজী নিয়ামত আলী মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র তার বন্ধু মাজাহারুলদের বাড়িতে যায়।
“সেখানে আগে থেকে মাজহারুল ছাড়াও মাদ্রাসার আরও দুই ছাত্র বাবু ও আশরাফুল একটি পরিত্যক্ত ঘরে বসে স্কচটেপ, বারুদ ও কাপড় দিয়ে পটকা তৈরি করছিল।”
শামীম আরও বলে, তার বন্ধু ও অন্যরা তাকে জানায় যে ঈদের সময় এ পটকা দিয়ে তারা আনন্দ করবে। এ সময় তারা তাকে একটি পটকায় চাপ দিতে বললে সে চাপ দেয়। সঙ্গে সঙ্গে তা বিস্ফোরণ হয় এবং তার হাতে আঘাতপ্রাপ্ত হয়।
শামীমের বাবা শাহ্ পরান ময়মনসিংহ থেকে এসে গাজীপুরের শ্রীপুরের মুলাইদ গ্রামে একটি ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকেন এবং স্থানীয় রঙ্গিলা বাজারে কাঁচামালের ব্যবসা করেন।
শাহ পরাণ বলেন, সকাল থেকে তিনি রঙ্গিলা বাজারের দোকানে ব্যবসার কাজে ব্যস্ত ছিলেন। শামীম সকালেই মাদ্রাসায় চলে যায়। পরে বেলা ১১টার দিকের স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় শামীমকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়।
বেগম আয়েশা হাসপাতালের আবাসিক চিকিৎসক সেলিম বলেন, ছেলেটিকে হাসপাতালে আনার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাঁর বাম হাত ও হাতের দুটি আঙ্গুল বড় ধরনের আঘাতপ্রাপ্ত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
শ্রীপুর থানা পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে ঈদ বিনোদনের লক্ষ্যে এলাকার কিছু কিশোর পটকা জাতীয় বিশেষ বস্তু তৈরির সময় বিস্ফোরণ হয়। এতে শামীমের বাম হাত আঘাতপ্রাপ্ত হয়।
তবে ঘটনার সঙ্গে অন্যকিছুর জড়িত থাকার বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত করা হবে বলে তিনি জানান।
