মুন্সীগঞ্জে ইফতার খেয়ে ২০ জন অসুস্থ
মুন্সীগঞ্জের সদরে ইফতার খেয়ে অন্তত ২০ জন অসুস্থ হয়েছেন।
রোববার ঘাসিপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ও ঢাকায় পাঠানো হয়েছে।
ইফতার মাহফিলে উপস্থিত ওমর ফারুক (২৫) জানান, কুয়েত প্রবাসী সলেমান শেখের স্ত্রী সালেহা বেগম গ্রামের লোকজনদের নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করেন।
তিনি জানান, ইফতারে ছোলা, মুড়ি, পেঁয়াজু, চপ, বেগুনি, খেজুর, আপেল ও শরবত খাওয়ানো হয়। খাওয়ার পর থেকেই তাদের মাথা ঘোরা ও মুখে ফেনা উঠতে শুরু করে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবুল বাশার বলেন, এখানে সন্ধ্যার কিছু সময় পর থেকে রোগী আসছে। মনে হচ্ছে খাবারে বিষাক্ত কিছু ছিল অথবা ভাজা যে খাবারগুলো ছিল সেগুলো অনেক আগের তৈরি। তাই এই খাবার থেকে ব্যাকটেরিয়া এটাক করতে পারে।
“এই হাসপাতালে পরীক্ষা করার ব্যবস্থা না থাকায় আমরা অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করছি। এখনও রোগী আসছে। এখানে এখনও ৭/৮ জন অসুস্থ রয়েছেন। তাদের এখনও নাম এন্ট্রি করা হয়নি। আমরা চিকিৎসা দিচ্ছি।”
নুশরাত (৫), জুবায়ের হোসেন (৬), তাসকিম (৪), আলিফ হোসেন (২) ও আঁখি আক্তারকে (৬) ঢাকায় পাঠানো হয়েছে বলে তিনি জানান।
