ফরিদপুরে স্বামীকে হত্যা, স্ত্রী পলাতক
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে।
শুক্রবার রাতে সাতৈর ইউনিয়নের ডোবরা পারটেক্স জুট মিলের কোয়ার্টার থেকে মোতালেবের ফকিরের (৫০) লাশ উদ্ধার করে পুলিশ।
শনিবার লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে বোয়ালমারী থানার এসআই দীপংকর স্যানাল জানান।
মোতালেব পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের বাসিন্দা মৃত ইয়াসিন ফকিরের ছেলে।
পরিবারের বরাত দিয়ে এসআই দীপঙ্কর জানান, মোতালেব ফকির আট বছর আগে পাশের সালথা উপজেলার খারদিয়া গ্রামের মোমরেজ কাজীর মেয়ে রানী বেগমকে বিয়ে করেন। মোতালেবের আগেরও স্ত্রী-সন্তান রয়েছে।
এসআই দীপঙ্কর বলেন, পারটেক্স জুট মিলে চাকরির সুবাদে ১৫ দিন আগে দ্বিতীয় স্ত্রী রানীকে নিয়ে ওই জিুটমিলের কোয়ার্টারে বসবাস শুরু করেন।
মোতালেবের ভাই হান্নান ফকিরের অভিযোগ, “রীনা বেগম ও তার সহযোগীরা মোতালেবকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের জানালার সঙ্গে বেঁধেঁ রেখে পালিয়ে গেছে।”
এসআই দীপংকর জানান, গলায় রশি দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। গলায় দাগ রয়েছে। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই।
“ঘটনার পর থেকেই স্ত্রী রানী বেগম পলাতক রয়েছেন। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।”
