সিরাজগঞ্জে পাওনা টাকা না পেয়ে কান কাটল যুবকের
সিরাজগঞ্জে খড় কেনা বাবদ দেওয়া বায়নার টাকা ফেরত চেয়ে না পেয়ে তিন খড় ক্রেতা এক যুবকের কান কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ফয়সাল আহম্মেদ বলেন, “ফরিদুল ইসলাম নামে এই যুবকের কানের ওপর থেকে অর্ধেকের বেশি কাটা দেখা গেছে। অস্ত্রোপচার করলে ঠিক হবে আশা করা যায়। তবে ভবিষ্যতে তার শ্রবণশক্তি ব্যাহত হতে পারে।”
ফরিদুল তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের শিবপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
ফরিদুলের মা ফরিদা খাতুন বলেন, “এ বছরর মার্চ মাসে এলাকায় গো-খাদ্যের সংকট দেখা দেয়। ওই সময় বিনসাড়া এলাকার খড় ক্রেতা জামাল হোসেন, ইব্রাহিম ও আউয়াল হোসেন মিলে আমাদের একটি খড়ের পালা ২৫ হাজার টাকায় কিনে রাখেন। তখন বায়না বাবদ ১১ হাজার টাকা দেন তারা।
“পরে দাম কমতে থাকায় তারা খড় না নিয়ে বায়নার টাকা ফেরত চান। ফরিদুল বায়নার টাকা ফেরত না দিয়ে বাকি টাকা পরিশোধ করে খড় বুঝে নিতে বলে। শুক্রবার সন্ধ্যায় ফরিদুল বিনসাড়া বাজারে গেলে ওই তিনজন তাকে একটি ঘরে সন্ধ্যা পর্যন্ত আটকে রেখে মারধর করে। ছুরি দিয়ে কানের অর্ধেক কেটে ফেলে। কানটা অল্পের জন্য বিচ্ছিন্ন হয়নি।”
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে তিনি জানান।
তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “ঘটনাটি শুনেছি। আহত যুবককে চিকিৎসা নিতে বলা হয়েছে। এ ঘটনায় স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।”
