২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাড়াশে পল্লী বিদ্যুতের গ্রাহক হয়রানি, বিক্ষোভ

সিরাজগঞ্জে ‘নিয়ম বহির্ভূতভাবে’ বিদ্যুতের লাইন কাটতে গিয়ে জনরোষের মুখে পড়েছেন পল্লী বিদ্যুৎ অফিসের কয়েকজন কর্মচারী। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2018, 08:42 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

তাড়াশ উপজেলার ভিকমপুর গ্রামে মঙ্গলবার এ ঘটনা ঘটে।

গ্রহক হয়রানির অভিযোগ তুলে এর প্রতিবাদে বুধবার ভিকমপুর গ্রামে প্রায় পাঁচশত মানুষ ভিকমপুর ইদগাহ মাঠে জমায়েত হয়ে বিক্ষোভ করেছেন।

ভিকমপুর গ্রামের গ্রাহক আব্দুল হান্নান, ছাইদুর রহমান, খবির উদ্দিন, আলতাব আলী, জহির উদ্দিন, আব্দুল বারিক, আফছার সরকার, দিলজান বেওয়াসহ কয়েকজন বলেন, মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ তাড়াশ জোনাল অফিসের এজিএম শামিমুর রহমান উপস্থিত থেকে মজিবুর রহমান, দেলোয়ার হোসেন, আলম প্রামানিক, শাহ আলম, টুটুলসহ ১০ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করেন।

এদের মধ্যে আলতাব হোসেন, মজিবর রহমান, কোরবান আলী ও দিলজান বেওয়ার বিদ্যুৎ বিল পরিশোধ থাকার পরও তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে এই গ্রহকদের দাবি।

এলাকাবাসী জানায়, এ সময় গ্রামের লোকজন ওই তিন কর্মকর্তা-কর্মচারীকে ঘেরাও করে রাখে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়।

অভিযোগকারীরা আরও বলেন, ৬ নম্বর ফিডে ২৪ ঘণ্টার মধ্যে তিন থেকে চার ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকে না। কোনো ধরনের সমস্যা দেখা দিলে তাড়াশ পল্লী বিদ্যুতের জোনাল অফিস থেকে তাদের ভূইয়াগাঁতি জোনাল অফিসে যোগাযোগ করতে বলা হয়ে থাকে। সেখানে গেলে তারা তাড়াশ অথবা সলঙ্গায় যোগাযোগের পরামর্শ দেন। এইভাবে প্রতিনিয়ত নানামুখী বিড়ম্বনায় পড়তে হয় গ্রাহকদের।

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ তাড়াশ জোনাল অফিসের এজিএম শামিমুর রহমান বলেন, “গ্রাহকদের বিল পরিশোধের কাগজ রয়েছে ঠিকই। কিন্তু টেলিটক এজেন্টরা বিলের টাকা বিদ্যুৎ অফিসে জমা দেয়নি; যে কারণে ওইসব বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।”

এ প্রসঙ্গে পল্লী বিদ্যুতের ডিজিএম মো. কামরুজ্জামান বলেন, “গ্রাহকরা টেলিটক এজেন্টদের মাধ্যমে বিল পরিশোধ করার পর এসএমএস বুঝে নিলে এমন হয়রানির শিকার হতেন না।”