২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ছাত্রীকে ‘যৌন হয়রানি’, সেই অটোচালক গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠার তিনদিন পর সেই অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2018, 12:01 AM

Updated : 19 Aug 2022, 02:09 PM

মঙ্গলবার দুপুরে নগরীর চৌদপাই ফায়ার সার্ভিস এলাকা থেকে আকাশ আলী (২২) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

আকাশ আলী নগরীর বোয়ালিয়া থানার ভগীরথপুরের খলিলুর রহমানের ছেলে।

ভুক্তভোগী ওই ছাত্রী পরে তাকে শনাক্ত করেছেন বলে মতিহার থানার ওসি মাহবুব আলম জানান।

ওসি মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকাল থেকেই নগরীর বিভিন্ন জায়গায় পুলিশ নিয়ে চেক পোস্ট বসানো হয়। সবাইকে বলে দেওয়া হয়েছিল রীতা পরিবহনের কোনো অটোরিকশা পাওয়া গেলে সঙ্গে সঙ্গে যেন খবর দেওয়া হয়।

“দুপুরে ফায়ার সার্ভিস এলাকায় টহলরত পুলিশ জানায় রীতা পরিবহনের একটি অটোরিকশা তারা আটক করেছে। সেখানে গিয়ে ওই গাড়ির চালককে ক্যাম্পাসে নিয়ে ঘটনার শিকার সেই ছাত্রীর কাছে যাওয়া হয়। সেখানে তিনি ওই অটোরিকশা চালককে শনাক্ত করেন।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লুৎফর রহমান বলেন, “যৌন হয়রানির বিষয়টি পুলিশকে ওইদিনই জানানো হয়েছিল। আজ তারা ওই অটোচালককে গ্রেপ্তার করে এবং ওই শিক্ষার্থী তাকে শনাক্ত করেন।”

গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবন থেকে খালেদা জিয়া হলের দিকে যাওয়ার সময় এক অটোরিকশা চালকের হাতে যৌন হয়ারানির শিকার হন ওই ছাত্রী। পরদিন রোববার এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। তখন তিনি শুধু রীতা পরিবহনের নাম বলতে পেরেছিলেন।

পরে সোমবার তিনি মতিহার থানায় একটি মামলা দায়ের করেন।

ছাত্রীর করা মামলা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি মাহবুব জানান।

পুরনো খবর:

রাবি ক্যাম্পাসে ‘ছাত্রীকে যৌন হয়রানি অটোরিকশা চালকের’