২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ক্যাম্পাসে ‘ছাত্রীকে যৌন হয়রানি অটোরিকশা চালকের’

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রী যৌন হয়রানির অভিযোগ করেছেন এক অটোরিকশা চালকের বিরুদ্ধে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শফিকুল ইসলাম,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2018, 11:46 PM

Updated : 08 Apr 2022, 06:28 PM

রোববার এ ঘটনায় ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন।

তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানাতে না পারলেও ওই যানবাহনের নাম ‘রীতা পরিবহন’ বলে নিশ্চিত করেছেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের ওই আবাসিক শিক্ষার্থী শনিবার সন্ধ্যায় এ ঘটনার মুখোমুখি হন বলে অভিযোগে বলা হয়।

অভিযোগে বলা হয়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি রবীন্দ্র কলা ভবন থেকে খালেদা জিয়া হলের দিকে যাচ্ছিলেন। এ সময় তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে একটি অটোরিকশা বেপরোয়া গতিতে তার কাছাকাছি এসে থামে এবং এর চালক অটোরিকশা থেকে ওই তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। ওই সময় তিনি নিজেকে বাঁচানোর চেষ্টা করলে চালক তার পিঠে আঘাত করে অটোরিকশা নিয়ে দ্রুত পালিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা এ ব্যাপারে বলেন, “ভুক্তভোগী ছাত্রী আমাদের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে। সে অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে ওই রিকশার খোঁজ নিতে বলেছি। তারা আমাদেরকে সহায়তার আশ্বাস দিয়েছেন।

“চালককে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে। আশা করছি দ্রুতই সেই রিকশা চালককে খুঁজে বের করা যাবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লুৎফর রহমান বলেন, “ক্যাম্পাসে এসে যারা এ ধরনের ঘটনার ঘটাচ্ছে তারা কোনোভাবেই ছাড় পাবে না। অপরাধীকে শনাক্ত করতে পুলিশ কমিশনারের কার্যালয়েও বিষয়টি অবহিত করা হয়েছে।”

নগরীর মতিহার থানার ওসি মাহবুব আলম বলেন, “উপ-উপাচার্য স্যার আমাদেরকে লিখিত অভিযোগটি দিয়েছেন। সেই চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে।”

রাজশাহী মহানগর পুলিশের এডিসি মো. হাতেম আলী বলেন, “অভিযোগের বিষয় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সিটি কর্পোরেশনের সহায়তা পেলে চালককে খুঁজে বের করা সহজ হবে।”