ব্যাংক থেকে গ্রাহকের টাকা নিয়ে পালানোর সময় যুবক আটক
গোপালগঞ্জ সদরে একটি ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের ব্যাগ কেটে টাকা নিয়ে পালানোর সময় এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার গোপলগঞ্জ সোনালী ব্যাংক প্রধান শাখায় এক ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইাসলাম জানান।
আটক সোহেল জমাদার (২৬) কুমিল্লার লাকসাম উপজেলার নগরীপাড়া গ্রামের মৃত রফিক জমাদারের ছেলে।
ওসি মনিরুল বলেন, ব্যাংক থেকে গোপালগঞ্জ জেলা হিসাবরক্ষক অফিসের হিসাবরক্ষক মো. বাবুল সিকদার কর্মচারীদের বেতন ও বোনাসের দুই লাখ ৬৫ হাজার টাকা উত্তোলন করেন। টাকা একটি ব্যাগে নিয়ে ব্যাংক থেকে বের হওয়ার সময় সোহেল ব্লেড দিয়ে ব্যাগ কেটে টাকা নিয়ে পালানোর চেষ্টা করে।
“এ সময় বাবুল শিকদার ও ব্যাংকের অন্য গ্রাহকরা তাকে আটক করে পুলিশে দেয়।”
আটক সোহেল সোমবার রাতে ঢাকা থেকে গোপালগঞ্জ এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে।
